জামায়াত নেতা মজিবুর, পরওয়ারসহ ১৩ জন গ্রেপ্তার
জামায়াতে ইসলামীর নেতা সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ জনকে ঢাকার পল্লবীর একটি বাসা থেকে বোমাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পল্লবী থানার উপ পরিদর্শক জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে পল্লবীর ১০ নম্বর সড়কের ১১ নম্বর লাইনে জামায়াত নেতা হারুণ-অর রশিদের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
“গ্রেপ্তার সবাই জামায়াত-শিবিরের নেতাকর্মী। ওই বাসায় তারা গোপন বৈঠক করছিলেন। ওই বাসা থেকে ২০টি হাতবোমাও উদ্ধার করা হয়েছে।”
গ্রেপ্তারের পর তাদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে বলে মহানগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) মো. সাজ্জাদুর রহমান জানান।
গ্রেপ্তার অন্যরা হলেন- তসলিম (৫০), জাহাঙ্গীর আলম (২৬), আবুল কালাম আজাদ (৭১), মনসুর রহমান (৭১), জাকির হোসাইন (৫৯), এবিএম নুরুল্লাহ (৫৯), আবুল হাশেম (৫০), সাব্বির (২২), মজিবর রহমান ভূইয়া (৪০), হারুন-অর-রশিদ (৭৩) ও আশরাফুল আলম ইকবাল (২৭)।
তাদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সাজ্জাদুর রহমান।
খুলনার সাবেক সংসদ গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল। আর রাজশাহীর সাবেক সাংসদ মজিবুর রহমান দলটির নায়েবে আমিরের দায়িত্ব আছেন।
জামায়াত নেতা মজিবুর রহমান ও মিয়া গোলাম পরওয়ার।
জামায়াতের অধিকাংশ শীর্ষ নেতা যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় মজিবুর ও পরওয়ারসহ কয়েকজনই সাম্প্রতিক সময়ে দল চালিয়ে আসছিলেন বলে গণমাধ্যমের খবর।
পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, পল্লবীর ওই বাসা থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো ‘অত্যন্ত শক্তিশালী’।
“তারা বড় কোনো নাশকতার পরিকল্পনায় ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে,” বলেন তিনি।
