কন্যা শিশু দিবসে শোভাযাত্রা, বৈষম্য দূর করার আহ্বান
কন্যা শিশুদের সমদৃষ্টিতে দেখতে বাবা-মায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
সোমাবার জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা শেষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে তিনি এ কথা বলেন।
সকাল সাড়ে ৮টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয় এবং শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় নিজের বক্তব্যে প্রতিমন্ত্রী কন্যা শিশুদের প্রতি বৈষম্য না দেখানোর আহ্বান জানিয়ে বলেন, শিশুরা শিক্ষা, পুষ্টি ও খাদ্য থেকে বঞ্চিত হবে না।
“এসডিজি অর্জন করার জন্য সকলের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে এমডিজি অর্জন করা হয়েছে।”
৪৫ শতাংশ শিশু ১৮ বছরের নিচে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কিশোর বয়সে বেশি নজর দিতে হবে। শিশুদের বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
শিশুদের বাবা-মাকে শিশুর মেধা অনুযায়ী সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনার ছেলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে তা আপনারা (বাবা-মা) শিশুদের ওপর চাপিয়ে দেবেন না।
“আমি এভারেস্ট জয় করেছি। কিন্তু ছোট বেলায় সেই স্বপ্ন ছিল না। আস্তে আস্তে বড় হয়েছি। তখন নিজেকে সেইভাবে গড়ে তুলেছি।”
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার ও শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
