২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয়ভাবে স্থানীয় নির্বাচন: নারীপক্ষে ‘না’ ভারি

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের পথ খুলতে আইন সংশোধনের পক্ষে সায় এলেও নারী জনপ্রতিনিধিদের অর্ধেক এ ব্যবস্থার বিপক্ষে মত দিয়েছেন বলে একটি গবেষণা প্রতিষ্ঠান দাবি করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 03:55 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

বেসরকারি উন্নয়ন সংস্থা খান ফাউন্ডেশনের গবষণা প্রতিষ্ঠান ‘অপরাজিতা’র এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের অর্ধেকই দলীয় ব্যানারে স্থানীয় সরকার নির্বাচন চান না।

স্থানীয় নির্বাচনে দলীয় ব্যানার ও প্রতীক ব্যবহারের পক্ষে মত দিয়েছেন ৪৮ শতাংশ নারী জনপ্রতিনিধি। বাকি দুই শতাংশ কোনো সিদ্ধান্ত দেননি।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘স্থানীয় সরকার ব্যাবস্থায় নির্বাচিত নারী প্রতিনিধিদের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে এই গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়।

দলীয় মনোনয়ন ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন নির্বাচন আইন সংশোধনের খসড়ায় সোমবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বছরের শেষদিকে পৌরসভা এবং নতুন বছরের শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এ অবস্থায় আইন সংশোধন করে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার পক্ষে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার অনেক আগেই অবস্থান নিলেও আইন সংশোধনের কাজটি এতদিন আটকে ছিল।

অবশ্য সরকারের এই চেষ্টা ‘নীল নকশা বাস্তবায়নের ষড়যন্ত্র’ হিসাবে দেখছে বিএনপি।

সেমিনারে খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং ম্যানেজার মোরশেদ আলম গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে জানান, গত বছর অগাস্ট থেকে এ বছর জানুয়ারি পর্যন্ত পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি ও সম্ভাব্য প্রায় ১২শ প্রতিনিধিদের ওপর এই জরিপ চালানো হয়।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, নারী জনপ্রতিনিধিদের ৫৭ শতাংশ সদস্য কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত।

জরিপে অংশগ্রহণকারী ৯০ শতাংশ মনে করেন, সাধারণ আসনে নির্বাচিত হলে তারা নিজেদের দায়িত্ব পালনের বেশি সুযোগ পেতেন। ৮০ শতাংশ মনে করেন স্থানীয় সরকারে নারীবান্ধব পরিবেশ রয়েছে।