মাদ্রাসাছাত্রীকে ‘ধর্ষণের’ পর হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ধর্ষণের’ পর এক মাদ্রাসাছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
স্মৃতি মনি (১৩) নামে ওই কিশোরী ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার আরাবিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ত। তার বাবার নাম ফোরকান মৃধা। সাত ভাইবোনের মধ্যে সে ছিল পঞ্চম।
ফতুল্লা মডেল থানার এসআই ইকবাল হোসেন জানান, রোববার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার রমিজ দেওয়ানের বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আটক হাবিব, ইব্রাহীম হোসেন মনা ও নাহিদ ধর্মগঞ্জের বাসিন্দা।
বাড়ির মালিকের স্ত্রী হালিমা বেগম বলেন, “মেয়েটির বাবা-মা স্থানীয় একটি বাজারে মুদি দোকানে কাজ করেন। শনিবার রাতে তারা কেউ বাসায় ছিলেন না। এ সময় তাদের ঘরে ভাঙচুরের শব্দ পাই। পরে ঘরে গিয়ে মেয়েটির লাশ পড়ে থাকতে দেখে তার বাবা মাকে খবর দিই।”
কিশোরীর মা তাসলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কে বা কারা আমার মেয়েকে গলা টিপে হত্যা করে পালিয়ে গেছে। তবে কারো সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।”
এসআই ইকবাল বলেন, “সুরতহাল রির্পোট তৈরির সময় ধর্ষণের কিছুটা আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”
এ ঘটনায় তাসলিমা বেগম বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন বলেও জানান তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
