কাশের স্তূপের আগুনে দগ্ধ নারী
রাজশাহী নগরীতে বাড়ির পাশে কেটে রাখা কাশের স্তূপে আগুন লেগে দগ্ধ হয়েছেন এক নারী।
রোববার বেলা ১২টার দিকে মতিহার থানাধীন চর শ্যামপুরে এ ঘটনা ঘটে বলে মতিহার ওসি হুমায়ন কবির জানান।
দগ্ধ জলেনা বেগম (৩০) স্থানীয় জিনারুলের স্ত্রী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা হুমায়ুন বলেন, চরের কাশের ঝাড় কেটে বাড়ির পাশে স্তূপ করে রাখা ছিল।
“দুপুরে ওই কাশের স্তূপে আগুন ধরে এবং দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে জিনারুল ও তার প্রতিবেশী মনসুরের বাড়িতে। ওই সময় উঠানে বেঁধে রাখা ছাগলকে বাঁচাতে গিয়ে ওই গৃহবধূ দগ্ধ হন।”
ওসি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে স্থানীয় ফায়ার সর্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
