২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম জামিনের আবেদন সাংসদ লিটনের

এক শিশুর পায়ে গুলি করার অভিযোগ নিয়ে ‘আত্মগোপনে’ থাকা গাইবান্ধার সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন আইনজীবীর মাধ্যমে হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 02:00 PM

Updated : 22 Aug 2022, 01:28 PM

তার আইনজীবী এস এম আরিফুল ইসলাম রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন। 

আওয়ামী লীগ নেতা লিটনের বিরুদ্ধে দুটি মামলা হলেও জামিন চাওয়া হয়েছে আহত শিশুর বাবার করা মামলায়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জামিন আবেদনের একটি অনুলিপি দেওয়া হয়েছে।

ওই মামলার কারণে সাংসদ লিটনকে হয়রানি ও অপদস্ত করা হতে পারে বলে আশঙ্কার কথা বলা হয়েছে ওই আবেদনে।

আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিগগিরই আবেদনটি আদালতে উপস্থাপন করা হবে।

Image
সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে গত ২ অক্টোবর সৌরভ মিয়া (৯) নামে একটি শিশু আহত হয় বলে অভিযোগ উঠেছে।

ওই ঘটনায় মামলার পর থেকে আত্মগোপনে রয়েছেন লিটন। তাকে পুলিশ গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে নানা কর্মসূচিও পালিত হচ্ছে গাইবান্ধায়।

আহত শিশুর বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার রহমান নামে সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের এক বাসিন্দা।

ওই ঘটনার পর লিটনের লাইসেন্স করা অস্ত্র দুটি সুন্দরগঞ্জ থানায় জমা দেন তার স্ত্রীর বড় ভাই তারিকুল ইসলাম। এরপর জেলা ম্যাজিস্ট্রেট লিটনের অস্ত্র দুটির লাইসেন্স বাতিল করেন।

এই সংসদ সদস্য এর আগেও নানা ‘অপকর্ম’ করেছেন বলে তার দলের নেতারাই অভিযোগ করেছেন। তার সাংসদ পদ বাতিলেরও দাবি তুলেছেন স্থানীয়রা।

এই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন নিজে থেকে ধরা না দিলে তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে।