২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধরা না দিলে এমপি লিটনকে গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুকে গুলি করার আসামি গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন নিজ থেকে ধরা না দিলে তাকে খুঁজে গ্রেপ্তারের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2015, 11:10 PM

Updated : 22 Aug 2022, 01:26 PM

সমালোচনার মুখে থাকা আওয়ামী লীগের এই সংসদ সদস্যের বিষয়ে সরকারি পদক্ষেপ জানতে চাইলে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ যেই করুক না কেন তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি (সাংসদ লিটন) আত্মসমর্পণ না করলে তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে।”

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে গত ২ অক্টোবর সৌরভ মিয়া (৯) নামে একটি শিশু আহত হয় বলে অভিযোগ উঠেছে।

Image
সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন

ওই ঘটনায় মামলার পর থেকে অপ্রকাশ্যে রয়েছেন লিটন। তাকে পুলিশ গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে নানা কর্মসূচি পালিত হচ্ছে গাইবান্ধায়।

এতদিনে গ্রেপ্তার না করায় ক্ষেত্রে কি আত্মসমর্পণের জন্য অপেক্ষা করা হচ্ছে- সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, “ঠিক না তা। আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। আপনারা তো (সাংবাদিক) জানেন, তিনি (সাংসদ) পলাতক রয়েছেন।”

বিদেশি খুনের রহস্য উদ্ঘাটন ‘শিগগিরই’

সাম্প্রতিক আলোচিত দুই বিদেশি হত্যার কারণ শিগগিরই উদ্ঘাটনের আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সব সন্দেহ সামনে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছি। আশা করি, শিগগিরই দুটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারব।”

পাঁচ দিনের মধ্যে ইতালির চেজারে তাভেল্লা  এবং জাপানের কুনিও হোশি হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস জড়িত থাকার দাবি উঠলেও সরকার তা নাকচ করেছে।

আসাদুজ্জামান কামাল বলেন, “এতে আইএসের কোনো সম্পৃক্ততা নেই। জাপানি নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করে নামাজ পড়তেন নিয়মিত, মসজিদে যেতেন। তাকে কেন আইএস হত্যা করবে? ইতালির নাগরিকও সাধারণ জীবন যাপন করতেন।”

এই দুই হত্যাকাণ্ডের তদন্তে এখনও কোনো অগ্রগতির তথ্য দিতে পারেনি পুলিশ।

পুরনো খবর:

এমপি লিটনের বিরুদ্ধে অনেক অভিযোগ