শেরপুরে পুরোহিতদের পূজা বর্জনের হুমকি
শেরপুরে কথিত এক ব্রহ্মচারীর বিরুদ্ধে ব্রাহ্মণদের সম্পর্কে অশালীন বক্তব্যের অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার ও অপসারণের দাবি জানিয়েছেন জেলার পুরোহিতরা।
দাবি না মানলে পুরোহিতরা আসন্ন দুর্গাপূজা বর্জনের হুমকিও দিয়েছেন।
শেরপুর গোপাল জিউর মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘জেলা পুরোহিত কল্যাণ পরিষদ’ সভা শেষে এ সাংবাদিকদের কাছে তাদের বক্তব্য তুলে ধরেন পরিষদের সভাপতি বিজয় চক্রবর্তী বিপুল ও সাধারণ সম্পাদক সঞ্জীব চক্রবর্তী সঞ্জু।
এদিকে, পুলিশ ও জেলা প্রশাসন বিষয়টি শান্তিপূর্ণভাবে সামধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে।
বিজয় চক্রবর্তী বিপুল বলেন, ‘স্বঘোষিত ব্রহ্মচারী’ প্রবীর চৌধুরী চট্টগ্রাম থেকে শেরপুরে এসে প্রায় আট মাস ধরে নানা ধরনের ‘অপকর্ম’ করছেন। তিনি চিকিৎসার নামে মা-বোনদের সঙ্গে অশালীন আচরণ করছেন। নিঃসন্তানদের সন্তান হওয়াসহ নানা রোগের জন্য ‘ভুয়া হোমিওপ্যাথি’ চিকিৎসা ও ‘ভুয়া’ পাথর বিক্রি করছেন।
এছাড়া ফেসবুকে ব্রাহ্মণদের সম্পর্কে নানা উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করেন বিপুল।
শেরপুর শহরের বিপি প্লাজায় শিষ্য ও অনুসারীদের নিয়ে অবস্থান করে প্রবীর চৌধুরী ব্রাহ্মণ সমাজ ও হিন্দুধর্ম নিয়ে বিভিন্ন ‘আপত্তিকর’ ব্যাখ্যা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সঞ্জীব চক্রবর্তী সঞ্জুর অভিযোগ, ‘স্বঘোষিত ব্রহ্মচারী’ প্রবীর চৌধুরীর এসব ঘটনার প্রতিবাদ করায় তার সহযোগী ও চিহ্নিত সমাজবিরোধী প্রভাবশালীরা ব্রাহ্মণদের জীবননাশের হুমকি দিচ্ছে।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রবীর চৌধুরীকে শেরপুর থেকে অপসারণ বা গ্রেপ্তার না করা হলে তারা দুর্গাপূজা বর্জন করবেন বলে জানান সঞ্জীব।
এ ব্যাপারে প্রবীর চৌধুরী বলেন, তার পৈত্রিক নিবাস চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডী গ্রামে হলেও তিনি এখন ‘ব্রহ্মচারী’।
“গত ১২ বছর ভারতের হরিদ্বার উত্তরখান আশ্রমে থেকে সাধনা করে ব্রহ্মচারী হয়েছি। আমি যা বলেছি, ধর্মীয় পুস্তক পড়েই বলেছি।”
ব্রাহ্মণদের সম্পর্কে তিনি বলেন, “ব্রাহ্মণরা উত্তরাধিকার সূত্রেই ব্রাহ্মণ। বেদ, গীতা, মহাভারত, রামায়ণসহ কোনো বই সম্পর্কে তাদের ধারণা নেই। ধর্মীয় মতে, কোনো জাতপাতের ভেদাভেদ নেই।”
নারীদের সঙ্গে অশালীন আচরণের কথা অস্বীকার করেছেন তিন।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ বলেন, “ওই ব্যক্তি শেরপুরের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চালাচ্ছেন। তার আচরণ রহস্যজনক।
“আমরা শান্তির স্বার্থেই তাকে শেরপুর থেকে অপসারণের দাবি জানাচ্ছি।”
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ বলেন, “বিষয়টি স্পর্শকাতর। আমরা দুই পক্ষকেই শান্ত থাকতে বলেছি। ধর্মীয় আলোকেই বিষয়টির মীমাংসা হতে হবে।”
জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম বলেন, “বিষয়টি স্পর্শকাতর। আমি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জনচন্দ্র পালকে দায়িত্ব দিয়েছি। তিনি এ বিষয়টি নিয়ে পুরোহিতদের সঙ্গে কথা বলবেন।”
অঞ্জনচন্দ্র পাল বিষয়টি সুষ্ঠুভাবেই সুরাহা করবেন বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।
