ফেনীতে যুবক খুন, আটক ২
ফেনীর সোনাগাজীতে তুচ্ছ ঘটনা নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার গভীর রাতে চরচান্দিায়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সোনাগাজী মডেল থানার ওসি হারুন অর রশীদ জানান।
নিহত গিয়াস উদ্দিন (৩০) ওলামা বাজার এলাকার বড় বাড়ির আবুল হাসেমের ছেলে।
লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় জড়িত অভিযোগে ফয়জুল কবির রানা (২৫) ও সেলিম ওরফে পিচ্চি সেলিম (৩৮) নামে দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
নিহতের চাচাত ভাই সোনাগাজী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন বলেন, চরচান্দিয়া ইউনিয়নের সাইক্লোন সেন্টারের কাছে একটি দোকানে বকেয়া টাকা পরিশোধ নিয়ে গিয়াসের সঙ্গে দোকানদার সফি উল্লাহর কথা কাটাকাটি হয়।
“কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি বাধলে স্থানীয়দের হস্তক্ষেপে তা থামানো হয়।”
তিনি বলেন, বাড়ি ফিরে ঘটনাটি সফি উল্লাহ তার তিন ছেলে বেলাল (২৪), নয়ন (২৭), মাইন উদ্দিনকে (২৯) জানান।
“এরপর সফি উল্রাহর ছেলেরা রানা ও সেলিমকে সঙ্গে নিয়ে গিয়াস উদ্দিনকে বাড়ি থেকে ডেকে ওলামা বাজার সড়কে নিয়ে যায়। সেখানে তারা গিয়াসকে এলোপাতাড়ি জখম করে পালিয়ে যায়।”
স্থানীয়রা গিয়াস উদ্দিনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মোশারফ।
মোশারফ হোসেন জানান, গিয়াস ঢাকায় থাকতেন; ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন।
