চট্টগ্রামে মা-মেয়ে হত্যায় রায়হান ও শহীদের মৃত্যুদণ্ড
চট্টগ্রামের আগ্রাবাদে গতবছর বাসায় ঢুকে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরী ও তার মাকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।
চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।
সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া দুই আসামি হলেন- চট্টগ্রাম জেলা পুলিশের হাবিলদার আবুল বাশারের ছেলে আবু রায়হান (২৭) ও নগরীর খুলশী এলাকার একটি রেস্টহাউসের গাড়ি চালক মো. শহীদ।
রায় ঘোষণার সময় তারা দুজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ূব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ সন্দোহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক দুই আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দেন।”
রাষ্ট্রপক্ষের ৩৭ জন সাক্ষির মধ্যে ৩০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেয় বলেও জানান তিনি।
গতবছর ২৪ মার্চ আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের ১২৯ নম্বর বাড়ি ‘পদ্মা-যমুনা’য় সিঅ্যান্ডএফ এজেন্ট রেজাউল করিমের স্ত্রী রেজিয়া খাতুন (৪৯) ও তার মেয়ে সাইমা আক্তারকে (১৭) কুপিয়ে হত্যা করা হয়।
মা রেজিয়া খাতুন ও মেয়ে সাইমা আক্তার
ঘটনার পর পুলিশ ওই বাসা থেকে রক্তমাখা একটি ছোরা, জিন্সের প্যান্ট, শার্ট, একটি ব্যাগে থাকা দুই বোতল পেট্রোল, সাতটি মোবাইল সিম, টেঁটা ও তোয়ালে উদ্ধার করে।
নিহত রেজিয়া খাতুনের স্বামী রেজাউল করিম ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করলে ঘটনার পরদিন গোয়েন্দা পুলিশ খুলশী থেকে শহীদ এবং ঢাকার ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে রায়হানকে গ্রেপ্তার করে।
তদন্ত শেষে গত বছরের ২৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ৮ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হয়।
এবছরের ২ ফেব্রুয়ারি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।
বিতণ্ডায় দুই আসামি
মৃত্যুদণ্ডের রায় শুনে আদালতের কাঠগড়ায় বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই আসামি আবু রায়হান ও মো. শহীদ।
১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আবু রায়হানকে দোষারোপ করতে থাকেন আসামি শহীদ।
রায় ঘোষণা করেই বিচারক এজলাস ত্যাগ করেন। এরপর পুলিশ দুই আসামিকে আদালত কক্ষ থেকে বের করে আনে।
এসময় শহীদ উচ্চস্বরে বলতে থাকেন, “সব অন্যায়, সব অন্যায়। আমি নির্দোষ। এই আদালত আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এটা ন্যায় বিচার না।”
এসময় নিহতদের এক স্বজন চিৎকার করে পাল্টা জবাব দিলে শহীদ তার সঙ্গেও বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পুলিশ ওই স্বজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
আদালত ভবনের তৃতীয় তলা থেকে নিচে নামানো পর্যন্ত শহীদ উত্তেজিত হয়ে চিৎকার করে কথা বলতে থাকেন।
আইনজীবীদের সঙ্গে বাদী রেজাউল করিম
এসময় তৃতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে অঝোরে কাঁদছিলেন মামলার বাদী এবং নিহত রেজিয়া খাতুনের স্বামী ও সাইমা আক্তারের বাবা রেজাউল করিম।
রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্রুত বিচার ট্রাইব্যুনালের এ রায়ে আমি সন্তুষ্ট। ন্যায় বিচার পেয়েছি। যেদিন রায় কার্যকর হবে সেদিনই পূর্ণাঙ্গ সন্তুষ্ট হব। সরকারের কাছে দাবি যেন সব প্রক্রিয়া দ্রুত শেষ করে রায় কার্যকরের ব্যবস্থা করে।”
আসামি পক্ষের আইনজীবী স্বভূ প্রসাদ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা আপিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
আসামি শহীদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আসামি আবেগের বশে কী বলেছে বা পরোক্ষভাবে কিছু বোঝাতে চেয়েছে কি না, সে বিষয়ে আমি মন্তব্য করব না।”
রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার অভিযোগ সন্দোহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত দুই আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছেন। এতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।
“আসামিদের মধ্যে রায়হান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।”
বাদীর আইনজীবী আবদুস সাত্তারও রায়ে সন্তোষ প্রকাশ করেন।
