চট্টগ্রামে মা-মেয়ে হত্যার দায় স্বীকার ‘কথিত প্র্রেমিকের’
চট্টগ্রামে মা ও মেয়ে হত্যায় অভিযুক্ত রায়হান ও তার সহযোগী খুনের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) সদর দপ্তরে সংবাদ সম্মেলনে রায়হান দাবি করেন, অন্য একজনের সঙ্গে কথিত প্রেমিকা সাইমার সম্পর্ক মেনে নিতে না পেরেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তারের পর বুধবার রাতে রায়হানকে নিয়ে চট্টগ্রামে আসা হয়।
সংবাদ সম্মেলন শেষে নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রায়হান বলেন, “সম্পর্ক ছিন্ন করায় প্রতিশোধ নিতে আমি সাইমাকে হত্যা করি। আমার প্রেমিকা অন্য কারো হাত ধরে হাঁটবে সেটা মেনে নিতে পারিনি।”
সোমবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের ১২৯ নম্বর বাড়ি ‘পদ্মা-যমুনা’য় খুন হন সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রেজাউল করিমের স্ত্রী রেজিয়া খাতুন (৪৯) ও তার মেয়ে সাইমা আক্তার (১৭)।
রায়হান দাবি করেন, ১২ মার্চ নগরীর শান্তিবাগ মোড়ে সাইমা তার সঙ্গে দেখা করে ‘পারফিউম’ উপহার দেন। এগুলোই ‘তার দেয়া শেষ উপহার’ বলে সাইমা চলে যায়।
রায়হান বলেন, “প্রথমে আমি সাইমার সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করি এবং ১৭ তারিখ তার বাসায় যাই।
“এর আগে আমি তাকে একটা মোবাইল সিম কিনে দিয়েছিলাম। গত ১৮ তারিখ সিমটি বন্ধ থাকায় আমি পরের দিনই ওই সিমটি আবার তুলি। তা চালুর সাথে সাথে সেখানে মিসড কল অ্যালার্টের এসএমএস আসে। তাতে অপরিচিত একটা নম্বর দেখা যায়।”
পরে ওই নম্বর থেকে কল এলে অন্য এক ছেলের সঙ্গে সাইমার সম্পর্ক আছে জানতে পারেন বলে দাবি করেন রায়হান।
হত্যাকাণ্ডের পরপরই হাসপাতালে রায়হানের নাম উল্লেখ করে সাইমার বড় ভাই সাঈদ রেজা বোনকে উত্যক্ত করার অভিযোগ এনেছিলেন।
আবু রায়হান
ঘটনার পর স্থানীয় এক বাক প্রতিবন্ধীর সহায়তায় দুই সন্দেহভাজনকে সনাক্ত করে পুলিশ।
মঙ্গলবার রাতে রাজধানীর ফকিরাপুলের একটি হোটেল থেকে রায়হানকে এবং তার দেয়ার তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের খুলশী থেকে বুধবার ভোরে হত্যাকাণ্ডের সহযোগী শহীদকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার শহীদ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, রায়হান একটি বাসায় যাওয়ার কথা বলে তাকে সাইমাদের বাসায় নিয়ে যায়।
শহীদ বলেন, “তবে কার বাসায় যাবে তা আগে বলেনি। শুধু বলে ওই বাসায় দামি একটি স্বর্ণালংকার আছে। সেটি ছিনিয়ে নিতে পারলে আমাকে তার অর্ধেক দেবে।“
