২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মা-মেয়ে খুন, উত্ত্যক্তকারীকে সন্দেহ

চট্টগ্রামে মা-মেয়ে খুনের ঘটনায় এক যুবককে সন্দেহ করছে তাদের পরিবার, যে গত কিছুদিন ধরে এসএসসি পরীক্ষার্থী ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 12:54 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

পুলিশ তদন্ত শুরু করলেও খুনি কারা কিংবা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো ধারণা দিতে পারেনি।চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেছেন, “আমাদের কাছে হত্যাকাণ্ড নিয়ে বেশ কিছু তথ্য এসেছে। আনুষঙ্গিক সব বিষয় বিবেচনায় রেখে তদন্ত করা হচ্ছে।”ওই পরিবারের বড় ছেলে সাঈদ রেজা সাংবাদিকদের বলেছেন, রায়হান নামের এক যুবক তার বোনকে উত্ত্যক্ত করে আসছিল এবং সেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে রেজার সন্দেহ।সোমবার সকালে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের ১২৯ নম্বর বাড়ি ‘পদ্মা-যমুনা’য় সিঅ্যান্ডএফ এজেন্ট রেজাউল করিমের স্ত্রী রেজিয়া খাতুন (৪৯) ও তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী সাইমা আক্তারকে (১৭) কুপিয়ে হত্যা করা হয়।খবর শুনেই নগর পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও গোয়েন্দা পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।ওই বাসা থেকে রক্তমাখা একটি ছোরা, জিন্সের প্যান্ট, শার্ট, একটি ব্যাগে থাকা দুই বোতল পেট্রোল, সাতটি মোবাইল সিম, টেটা (মাছ শিকারের উপকরণ) ও তোয়ালে উদ্ধার করেছে পুলিশ।পুলিশের ধারণা, ছয় তলা ভবনের পদ্মা অংশের চতুর্থ তলার (এ-৭) রেজাউলের বাসায় সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর ওই বাসাতেই পোশাক পরিবর্তন করে বেরিয়ে যায় খুনি।ঘটনাস্থলে গিয়ে এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, বাসার রান্নাঘর ও খাবার ঘরের মাঝামঝি চার থেকে পাঁচ ফুট চওড়া জায়গায় হত্যাকাণ্ড সংঘটিত হয়।খাবার ঘরের দরজায় খুনির সঙ্গে নিহতদের ধস্তাধস্তি হয় বলেও ধারণা পুলিশের। ধস্তাধস্তিতে খাবার ঘরে থাকা পানির ফিল্টার পড়ে ভেঙে গেছে এবং ফিল্টারে রক্তের দাগ দেখা গেছে।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ধারণা, উদ্ধার করা ছোরাটি দিয়েই হত্যা করা হয় মা-মেয়েকে।

রক্ত মাখা জিন্স প্যান্ট ও শার্টটি হত্যাকারীর কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

ব্যাগের ভেতরে পেট্রোলের বোতল ওই বাসায় কেন- তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা বাবুল জানান।

মা-মেয়ের লাশের ময়নাতদন্তের পর সোমবারই তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

রেজাউলের বড় ছেলে সাঈদ রেজা হাসপাতালে সাংবাদিকদের বলেন, “রায়হান নামের এক যুবক কিছুদিন ধরে আমার বোনকে উত্ত্যক্ত করে আসছিল। তার সঙ্গে কিছুদিন আগে আমার তর্কাতর্কিও হয়।”

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির বিবিএ’র ছাত্র ও নগরীর শান্তিবাগের বাসিন্দা রায়হান এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে রেজার ধারণা।

পুলিশ কর্মকর্তা বাবুল বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে সন্দেহভাজনদের বিষয়ে তথ্য নিয়ে তারা তদন্ত চালানো হবে।

প্রথমে ভবনের এক কেয়ারটেকার ও এক দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।