২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা-মেয়ে হত্যা: রায়হানসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে মা-মেয়ে খুনের ঘটনায় সন্দেহভাজন ‘উত্ত্যক্তকারী’ আবু রায়হানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 09:51 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

ঢাকার গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার তোহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার গভীর রাতে ঢাকার ফকিরাপুলের মুনস্টার নামের একটি হোটেল থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়।

আর শহীদ (২৭) নামের আরেকজনকে চট্টগ্রামের খুলশী গ্রেপ্তার করা হয় বলে বন্দরনগরীর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বাবুল আক্তার জানান।

শহীদ খুলশি এলাকার একটি রেস্ট হাউজের গাড়ি চালক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসএসসি পরীক্ষার্থী সাইমা আক্তার (১৭) ও তার মা রেজিয়া খাতুনকে (৪৯) হত্যার কথা স্বীকার করে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছে বলে বাবুল আক্তার জানান।

গত সোমবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের ১২৯ নম্বর বাড়ি ‘পদ্মা-যমুনা’য় সিঅ্যান্ডএফ এজেন্ট রেজাউল করিমের বাড়িতে ওই হত্যাকাণ্ড ঘটে।

পরে ওই বাসা থেকে রক্তমাখা একটি ছোরা, জিন্সের প্যান্ট, শার্ট, একটি ব্যাগে থাকা দুই বোতল পেট্রোল, সাতটি মোবাইল সিম, টেটা (মাছ শিকারের উপকরণ) ও তোয়ালে উদ্ধার করে পুলিশ।

রেজাউলের বড় ছেলে সাঈদ রেজা ওইদিন হাসপাতালে সাংবাদিকদের বলেন, “রায়হান নামের এক যুবক কিছুদিন ধরে আমার বোনকে উত্ত্যক্ত করে আসছিল। তার সঙ্গে কিছুদিন আগে আমার তর্কাতর্কিও হয়।”

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির বিবিএ’র ছাত্র আবু রায়হান (২৬) চট্টগ্রাম জেলা পুলিশের কর্মরত হাবিলদার আবুল বাশারের ছেলে। তাদের বাসা নগরীর শান্তিবাগ এলাকায়।

আর শহীদের বাড়ি সন্দ্বীপ, বাবার নাম মো. বাবুল। তিনি যে রেস্টহাউজের গাড়ি চালান, সেখানে রায়হানের নিয়মিত যাতায়াত ছিল বলে অতিরিক্ত উপ কমিশনার বাবুল আক্তার জানান।

তিনি বলেন, “তারা দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। কীভাবে ঘটনাটি ঘটিয়েছে তারও বিবরণ দিয়েছে। তাদের ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।”

চট্টগ্রামে মা-মেয়ে খুন, উত্ত্যক্তকারীকে সন্দেহ