যশোরে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
যশোরে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে যশোরের বিশেষ জেলা জজ নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা পূর্ব পাড়ার আবেদ আলীর ছেলে। তিনি পলাতক রয়েছেন।
মামলার বরাত দিয়ে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম বদরুজ্জামান পলাশ জানান, ২০০৮ সালের ৩১ অগাস্ট ভ্যানসহ নিখোঁজ হন শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকার আমির শেখের ছেলে বিল্লাল হোসেন। পরদিন সকালে ঝিকরগাছার হুগলাডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
তিনি জানান, এই ঘটনায় অজ্ঞাত পরিচয়ের আসামি করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা হয়। মামলার পর বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
তদন্ত শেষে ফারুক হোসেনকে আসামি করে পুলিশ অভিযোগপত্র দেয় বলে জানান পলাশ।
