তাড়াশে সংঘর্ষে আহত এক জনের মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তাড়াশ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম জানান, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে শাহজাহান আলীর (৪০) মৃত্যু হয়।
শাহজাহান আলী উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের চণ্ডিভোগ গ্রামের হরব আলীর ছেলে।
ওসি এটিএম আমিনুল আরও জানান, দেশিগ্রাম ইউনিয়নের চন্ডিভোগ গ্রামের খাস পুকুরের দখল নিয়ে গ্রামের নবাব আলী ও সালামের সঙ্গে একই এলাকার আমজাদ হোসেনের মধ্যে বিরোধ চলছিল।
মঙ্গলবার সকালে আমজাদের লোকজন ওই পুকুরে মাছ ধরতে গেলে নবাব ও সালামের লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আমজাদের পক্ষের শাহজাহান আলীসহ অন্তত ১২ জন আহত হয়। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার রাতে আমজাদ হোসেন বাদী হয়ে মামলা করেছেন এবং সংঘর্ষে জড়িত সন্দেহে নিজাম ও সানোয়ার নামে দু’জনকে আটক করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
