২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অস্ত্র মামলায় ৯ আসামি ফের রিমান্ডে

ফেনীর সাংসদ নিজাম হাজারীর কথিত নয় অনুসারীকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একদিন করে হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 05:56 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

ফেনী আদালত পুলিশের পরিদর্শক আরিফ ইকবাল জানান, বুধবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ বদিউল আলম আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

এরা হলেন মো. সালেহ আহম্মদ, আবু বক্কর সিদ্দিক, এনামুল হক, সরওয়ার হোসেন, আবুল কাশেম, আবু ইউসুফ, মাঈনুদ্দিন, মো. ফরিদ উদ্দিন ও আশরাফুল ইসলাম।

একই মামলায় গ্রেপ্তার ২৬ জনের মধ্যে বাকি ১৭ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

গত ১৩ সেপ্টেম্বর সিআইডির ঢাকার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহম্মেদ অধিকতর তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন হেফাজতের ( রিমান্ড) আবেদন করেন।

ওইদিন শুনানির জন্য আদালত ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করে।

পরিদর্শক আরিফ ইকবাল জানান, এর আগে মামলাটি পুলিশের কাছে থাকায় মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল আজিজ আদালতের আদেশে ২৬ আসামির মধ্যে নয়জনকে দুই দিন করে হেফাজতে নিয়েছিল। বাকি ১৭ জনকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

র‌্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, গত ৬ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ প্রায় দেড়শত রাউন্ড গুলি, কার্তুজ ও তিনটি মাইক্রোবাসসহ সাংসদ ‘নিজাম হাজারীর অনুসারী’ ২৬ জন নেতা-কর্মীকে আটক করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম বাদী হয়ে পরদিন ফেনী মডেল থানায় অস্ত্র আইনে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানান তিনি।