কালিহাতীর তদন্ত প্রতিবেদন দিতে হবে ৬০ দিনের মধ্যে
টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন ৬০ দিনের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।
জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ যে ব্যবস্থা নিয়েছিল, তা আইনানুগ হয়েছে কি না- তা জানতে চেয়ে আদালত একটি রুলও দিয়েছে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীর করা একটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি করে বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেয়।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহা পরিদর্শক, ঢাকা রেঞ্জের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি (শৃঙ্খলা), টাঙ্গাইলের ডিসি, এসপিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব ও প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ফাওজিয়া করিম ফিরোজ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদেশের পর ফাওজিয়া করিম ফিরোজ বলেন, “আমরা আজ রিট আবেদনের সঙ্গে একটি সম্পূরক আবেদন করেছিলাম। তাতে কালিহাতীর ঘটনা সম্পর্তিক তদন্ত প্রতিদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছিল। আদালত রুলসহ আদেশ দিয়েছেন।”
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক, আইজিপি এবং ঢাকা রেঞ্জের ডিআইজির নির্দেশে গঠিত তিনটি তদন্ত কমিটি কালিহাতীর ঘটনার তদন্ত করছে।
ছেলের সামনে মাকে ‘ধর্ষণের’ অভিযোগকে কেন্দ্র করে গত ১৮ সেপ্টেম্বর কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে চারজনের মৃত্যু হয়।
নিহতদের পরিবারের সদস্যরা এ ঘটনার জন্য পুলিশকেই দায়ী করছেন। তবে পুলিশ বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান মোখলেছুর রহমান বলেছেন, সংঘর্ষের পেছনে ‘তৃতীয় কোনো বিষয়’ থাকতে পারে বলে তিনি মনে করছেন।
