রংপুরে ‘মদের বিষক্রিয়ায়’ আরও একজনের মৃত্যু
রংপুরে ‘মদের বিষক্রিয়ায়’ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড. বরকতউল্লা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আব্দুল মজিদ (৩৪) নামে একজনের মৃত্যু হয়।
এর আগে সোমবার নগরীর তাজহাট বিহারীপাড়ায় ‘মদের বিষক্রিয়ায়’ মনু ও নাসিমউদ্দিন নামে দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়।
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, সোমবার রাতে তাজহাট বিহারীপাড়ার আব্দুর রহিম ছইয়ার বাড়িতে মদ পান করে কয়েকজন অসুস্থ হয়। তাদের মধ্যে মনু ও গফুর নামে দুজন মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আর নিজ নিজ বাড়িতে নাসিমউদ্দিন ও আজমেরি মিয়ার মৃত্যু হয়।
রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে মদ বিক্রেতা আব্দুর রহিম ছইয়ার স্ত্রী আসমা বেগম, মদ তৈরিকারক বিজয় রায় ও আমজাদ হোসেন নামে তিনজনকে আটক করা হয়েছে।
