২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ‘মদের বিষক্রিয়ায়’ ৪ জনের মৃত্যু

রংপুরের নগরীতে ‘মদের বিষক্রিয়ায়’ দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে; গুরতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন একজন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 12:20 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

মাহিনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, সোমবার রাতে নগরীর তাজহাট বিহারীপাড়ায় মদ পান করে অসুস্থ হয়ে পড়ার পর মঙ্গলবার সকালে হাসপাতালে দুজন এবং দুজন তাদের বাড়িতে মারা যান।

এরা হলেন- ওই এলাকার শরফাউদ্দিনের ছেলে মনু (৩০), তার বড় ভাই নাসিমউদ্দিন (৪০), শুকুর আলীর ছেলে আব্দুল গফুর (৩২) ও সাতমাথা বালাধারী এলাকার আব্দুল লতিফের ছেলে আজমেরি মিয়া।

আব্দুল মজিদ (৩৪) নামের আরেকজনকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আজিজ বলেন, “তারা সবাই সোমবার রাতে স্থানীয় আব্দুল রহিম ছইয়ার বাড়িতে বসে মদ পান করেন। বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়লে মনু ও গফুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তারা মারা যান।”

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড. বরকতউল্লা বলেন, “মনু ও গফুরকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মদের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে মাহিনগঞ্জ থেকে তিনজনকে আটক করা হয়েছে।

এরা হলেন, মদ বিক্রেতা আব্দুর রহিম ছইয়ার স্ত্রী আসমা বেগম (৫৫), মদ তৈরিকারক বিজয় রায় (৩৫) ও আমজাদ হোসেন (৪০)।

বিক্ষুব্ধ এলাকাবাসী হামলা চালিয়ে ছইয়ার বাড়ি-ঘর ভাংচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় রহিমের বাড়ি থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, লাইসেন্স ছাড়াই আব্দুর রহিম বাড়িতে মদ বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলাও রয়েছে।

“এর আগে রহিম, ও তার স্ত্রী আসমা ও ছেলে মিঠুকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও পরে জামিনে এসে তারা আবার আগের ব্যবসায় জড়িয়ে পড়ে।”

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।