তাভেল্লা হত্যামামলার এজাহার আদালতে
রাজধানীর গুলশানে কূটনীতিক পাড়ায় ইতালীয় নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহার আদালতে পৌঁছেছে।
হত্যাকাণ্ডের পরদিন মঙ্গলবার সকালে চেজারে তাভেল্লার একজন সহকর্মী গুলশান থানায় মামলা দায়ের করেন। বিকালে এজাহারটি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পৌঁছে।
মহানগর হাকিম অমিত কুমার দে আগামী ১৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক করেছেন।
থানায় যে কোনো মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে এজাহার আদালতে পৌঁছানোর নিয়ম রয়েছে। আর যদি আসামি গ্রেপ্তার করা হয়, তাকেও ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হয়।
সোমবার সন্ধ্যায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে গুলি চালিয়ে হত্যা করা হয় তাভেল্লাকে। তিনি আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।
স্থানীয় রিকশা মেকানিক মো. জয়নাল জানান, গুলির শব্দের পর তিনজনকে তিনি মোটর সাইকেলে করে পালাতে দেখেন, যাদের একজনের হাতে পিস্তল ছিল।
কাছাকাছি দূরত্বে পেছন থেকে ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লাকে পরপর তিনটি গুলি করা হয় বলে তার লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ আবু শামা সাংবাদিকদের বলেন, “কাছাকাছি দূরত্ব থেকে গুলি করা হয়েছে। এগুলো রিভলবারের গুলি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
সোমবার রাতেই ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ নামের জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইটে বলা হয়, ইসলামিক স্টেট (আইএস) গুলশানের ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বার্তা দিয়েছে।
অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় জঙ্গি হামলার হুমকির কথা জানিয়ে সফর পেছানোর দুই দিনের মাথায় ঢাকার কূটনীতিক এলাকায় এই হত্যাকাণ্ড ঘটল।
অস্ট্রেলিয়ার পর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রও একই ধরনের আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশের তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।
