স্ত্রীর সঙ্গে কলহের পর দুই সন্তানকে হত্যা
ময়মনসিংহ সদর উপজেলায় স্ত্রীর সঙ্গে কলহের জেরে দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেছে এক যুবক।
মঙ্গলবার উপজেলার সুহিলা গ্রামের একটি পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয় বলে জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এএসপি আব্দুর রশিদ।
এ ঘটনায় অলি উল্লাহকে (৩০) আটক করা হয়েছে বলে জানান তিনি।
এএসপি আব্দুর রশিদ বলেন, “দাম্পত্য কলহের জেরে সোমবার রাতে ঘুমন্ত দুই সন্তানকে পুকুরে চুবিয়ে হত্যার কথা স্বীকার করেছেন অলি উল্লাহ।”
মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
