নরসিংদীতে সংঘর্ষে নিহত ১
নরসিংদী সদর উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
নিহত দেলোয়ার হোসেন দেলু (৩০) ছেলেন্ডা গ্রামের বাসিন্দা।
সোমবার বিকেলের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি আবুল কাশেম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে ছেলেন্ডা গ্রামের দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে হামলা চালায় কান্দাইল গ্রামের লোকজন।
“এরপর দুই গ্রামের লোকজন দুই পক্ষ হয়ে সংঘর্ষে লিপ্ত হলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কাপড় ব্যবসায়ী দেলোয়ার ঘটনাস্থলেই নিহত হন।”
এ সময় আহত হন দেলুর ভাই আওলাদ হোসেন (২৫) এবং তাদের প্রতিপক্ষ কান্দাইল গ্রামের কাপড় ব্যবসায়ী হিরণ মিয়া (৫৫)।
আহত দুজনকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক শামসুজ্জামান হাসান।
ওসি আবুল কাশেম জানান, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
