হাজিদের ফেরা শুরু
দু-দুটো দুর্ঘটনার সাক্ষী হয়ে ফিরতে শুরু করেছেন বাংলাদেশের হাজিরা।
সোমবার হজফেরত প্রথম ফ্লাইটের সাতশ জনের মতো ফেরার পর তাদের অনেককেই বিমান বন্দরে স্বজনদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়তে দেখা যায়। দুর্ঘটনা নিয়েও কথা বলতে দেখা যায় তাদের।
সৌদি আরবের জেদ্দা থেকে সোমবার বাংলাদেশ বিমান ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের দুটি ফ্লাইট শাহজালাল বিমান বন্দরে নেমেছে। তবে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে।
সৌদি এয়ারলাইন্স ঢাকায় অবতরণ করে বিকালে ৩০৫ জন হাজিকে নিয়ে। কাছাকাছি সময়ে বিমানের ফ্লাইটটি আসার কথা থাকলেও তাতে দেরি হয় প্রায় তিন ঘণ্টার মতো।
এই ফিরতি যাত্রার মধ্য দিয়ে শুরু হল এক লাখের বেশি হাজির বাংলাদেশে ফেরার প্রক্রিয়া। তবে দুই দুর্ঘটনায় প্রাণ হারানো ও নিখোঁজদের তালিকায় বাংলাদেশিও রয়েছেন।
তার আগে হজের আনুষ্ঠানিকতার শুরুতেই মসজিদ আল হারামে ক্রেইন উল্টে নিহত হন ১১৭ জন, তার মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন।
সৌদি এয়ারলাইন্সে ফেরত আসা বেশ কয়েকজন হাজির সঙ্গে কথা বলতে গিয়ে পাওয়া গেল রাজধানীর বাড্ডার ব্যবসায়ী আমিন রহমতউল্লাহকে, যিনি মিনার ঘটনার প্রত্যক্ষদর্শী।
আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৌদি সময় সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে। আমি জামারাত থেকে বেশ খানিকটা দূরে ছিলাম। হঠাৎ হই চই এর শব্দ শুনে দ্রুত ওই এলাকা ত্যাগ করি। ওই দিন যা হয়েছে, দূরে ছিলাম বলে রক্ষা, কাছাকাছি থাকলে আমিও মারা পড়তাম।”
মিনায় পদদলনের ঘটনার কারণ হিসেবে ইরান সৌদি প্রিন্সের গাড়িবহরকে দায়ী করছে। অন্যদিকে সৌদি আরব বলছে, ইরানি হাজিরা নির্দেশনা না মেনে উল্টোপথে যাওয়ায় এই ঘটনা ঘটেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আমিন বলেন, “প্রিন্স কি না জানি না। তবে খোঁজ নিয়ে জেনেছি, কোনো এক সৌদি ভিআইপির কারণে দুটি রাস্তা বন্ধ করা হয়েছিল। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।”
আরেক হাজি সুলতান আলী সরাসরি সৌদি যুবরাজকে দায়ী করেছেন।
তিনি জানান, তাদের দলে মোট ৬০ জন হাজি ছিলেন। এদের মধ্যে ২ জন এখনও নিখোঁজ।
অবসরপ্রাপ্ত প্রকৌশলী আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আমার প্রথম হজ এবং আমার পেশাগত অভিজ্ঞতা থেকে বলছি, জামারাত ও এর আশপাশের রাস্তাগুলো যেভাবে তৈরি করা হয়েছে, তাতে এমনি এমনি দুর্ঘটনা ঘটার কোনো কারণ নেই। পদদলনের ঘটনা ঘটেছে দুটি রাস্তা বন্ধের কারণেই।”
মুন্সীগঞ্জের আবু বকর সিদ্দিকের ক্ষোভ সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর।
“দুর্ঘটনা ঘটার বেশ কিছু সময় পরে আমি ওই এলাকায় গিয়েছিলাম। গিয়ে শুনি, লাশগুলো ওভাবেই পড়ে আছে। ঘটনা ঘটার অনেক পরে অ্যাম্বুলেন্স এসেছে। আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা যদি তৎপর হতেন তাহলে অনেক মানুষ বেঁচে যেতে পারতেন।”
