২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুর কারাগারের গাড়ি চালক দুর্ঘটনায় নিহত

শরীয়তপুর সদরে বাসের ধাক্কায় জেলা কারাগারের গাড়ি চালক নিহত হয়েছেন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 01:59 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

রোববার চৌরঙ্গী মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পালং মডেল থানার এসআই এমারত হোসেন।

নিহত উজ্জ্বল মিয়ার (২৫) বাড়ি শেরপুর সদর উপজেলার রাখেরচর গ্রামে।

এসআই এমারত হোসেন জানান, উজ্জ্বল মিয়া বেপারী পাড়া এলাকা থেকে মোটরসাইকেলে চৌরঙ্গী মোড়ে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে উঠছিলেন।

“ওই সময় দক্ষিণ দিক থেকে ‘গ্লোরি এক্সপ্রেস’ নামের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে উজ্জ্বলের মাথা ফেটে যায় এবং তিনি মাটিতে পড়ে যান।”

স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই এমারত।

দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়ে জানান তিনি।

এসআই এমারত বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শরীয়তপুর কারাগারের জেলার মো. তারিকুল ইসলাম বলেন, উজ্জ্বল মিয়ার বাড়ি শেরপুর সদরের রাখেরচর গ্রামে, কিন্তু চাকরির কারণে সপরিবারে শরীয়তপুর কারাগার কোয়ার্টারে বসবাস করছিলেন।

তার দুই ছেলে নাহিম (৩) ও দুমাস বয়সী সীমান্ত।

ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি শেরপুরে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তারিকুল।