নবাবগঞ্জে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
ঢাকার নবাবগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার নবাবগঞ্জ থানা সংলগ্ন আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে বলে নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম শামীম হাসান জানান।
নিহত রিয়া উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মো. উজ্জ্বলের মেয়ে। মা সুমি আক্তারের সঙ্গে সে নবাবগঞ্জের কলাকোপা গ্রামের একটি বাড়িতে থাকতে।
সুমি আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকালে বাগমারায় ঈদের কেনাকাটা সেরে কলাকোপায় ফেরার পথে থানার পাশের সড়কে রিয়া তার হাত ছেড়ে অন্য পাশে দৌঁড় দেয়। এ সময় অটোরিকশাটি রিয়াকে চাপা দেয়।
স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার জন্য নিজের অসাবধানতাকেই দুষছেন মা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মামলা মোকদ্দমা করে কি হবে। মেয়েকে তো আর ফেরত পাব না।”
নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম শামীম হাসান জানান, নিহতের পরিবারের লিখিত অনুরোধে রাত ১টার দিকে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
