২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদুল আজহা উদযাপিত

ত্যাগের আহ্বান নিয়ে বাংলাদেশে উদযাপিত হল ঈদুল আজহা, যে উৎসবে পশু কোরবানির মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বলি দেওয়া ইসলামের শিক্ষা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2015, 09:11 AM

Updated : 12 Oct 2022, 04:14 PM

মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব বাংলাদেশে পরিচিত কোরবানির ঈদ নামে। এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবারের মতো এবারও দেশের বৃহত্তম ঈদ জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। আর রাজধানীতে ঈদের প্রধান জামাত হয় শুক্রবার সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নেন।

এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। নামা শেষে দেশ ও মুসলিম বিশ্বের সমৃদ্ধির পাশপাশি সৌদি আরবে পদদলিত হয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।

বায়তুল মোকাররমে এবারও পাঁচটি জামাত হয় সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায়।

গত কয়েক দিনের বিরূপ আবহাওয়া কেটে গিয়ে ঈদের সকালে রোদের দেখা মিলবে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সারাদিন বৃষ্টি না হওয়ায় নির্বিঘ্নেই কেটেছে রাজধানীবাসীর।  

ঈদের নামাজের পরপরই বিভিন্ন স্থানে শুরু হয় পশু কোরবানি। এবার শেষ বেলায় রাজধানীর পশুর হাটগুলোতে গরুর সরবরাহ কম ছিল, দামও চড়া ছিল বলে ক্রেতাদের অভিযোগ। অন্যদিকে ব্যবসায়ীদের অনেকেই কাঙ্ক্ষিত লাভ না পাওয়ার কথা বলেছেন।

পশুর বর্জ্য অপসারণের সুবিধার জন্য এবার সরকারের পক্ষ থেকে ঢাকার দুই সিটি করাপোরেশনে ৪৯৩টি স্থান ঠিক করে দেওয়া হলেও তাতে খুব একটা সাড়া মেলেনি। অধিকাংশ স্থানে আগের মতই রাস্তায়, গলিতে বা বাড়ির সামনের ফাঁকা জায়গায় জবাই ও মাংস কাটার কাজ চলতে দেখা গেছে।

আনুমানিক ৪৫ হাজার টন পশুর বর্জ্য অপসারণের জন্য দুই সিটি করপোরেশনের প্রায় ১৩ হাজার পরিচ্ছন্নতা কর্মী মাঠে কাজ করছেন। ৪৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য সরিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন দুই সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তারা।

ঈদ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি আবদুল হামিদ মুসলিম সম্প্রদায়ের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি বলেন, “কোরবানির শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ব্যক্তি ও সমাজ জীবনে সঠিকভাবে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করি- এটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।”

বাণীতে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ-বৈষম্যহীন সুখী,সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।”

এই ঈদ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানুষের মনের সকল প্রকার হিংসা-দ্বেষ, সংকীর্ণতা, কুটিলতা পরিহার করে অনাবিল সুখ, শান্তি ও পবিত্রতা বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

অবশ্য দেশে ‘এক ভয়ঙ্কর নৈরাজ্য’ চলছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার শুভেচ্ছা বার্তায় বলেন, “মানুষের জান, সহায়-সম্পদের কোনো নিরাপত্তা নেই। এই অবস্থায় সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না।”

বরাবরের মত এবারও ঈদের দিন সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধান বিচারপতি এস কে সিনহা, মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন দেশের কূটনীতিকরা শুভেচ্ছ বিনিময় করতে বঙ্গভবনে যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানেই প্রবাসীদের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াও এবার দেশের বাইরে। ঈদের বিকেলে লন্ডনে দলের প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদ উপলক্ষে শুক্রবার সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয় মনোরম সাজে।

দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রগুলোতে ঈদ উপলক্ষে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যালেনগুলো কয়েকদিন ধরে প্রচার করছে ঈদের বিশেষ অনুষ্ঠান। সংবাদপত্রগুলোও এ উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।