২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উদযাপনে বাংলাদেশ

ত্যাগের আহ্বান নিয়ে শুক্রবার সারা দেশে উদযাপিত হবে ঈদুল আজহা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2015, 12:01 AM

Updated : 12 Oct 2022, 04:14 PM

পুরনো খবর:

কখন কোথায় ঈদ জামাত
ত্যাগের মহিমায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান

মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব বাংলাদেশে পরিচিত কোরবানির ঈদ নামে। অবশ্য সৌদি আরবের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবারও দেশের শতাধিক গ্রামের মানুষ করেছে ঈদ উদযাপন।

প্রতিবারের মতো এবারো দেশের বৃহত্তম ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে।

বরাবরের মত এবারও রাজধানীর ঈদুল আযহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়। তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ শুক্রবার সকালে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

বায়তুল মোকাররমে এবারও পাঁচটি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় হবে পরের জামাতগুলো।

ঈদের নামাজের পরপরই বিভিন্ন স্থানে শুরু হবে পশু কোরবানি। এবার শেষ বেলায় রাজধানীর পশুর হাটগুলোতে গরুর সরবরাহ কম থাকায় দাম চড়া ছিল বলে ক্রেতাদের অভিযোগ।

দাম বেশি হলেও ব্যবসায়ীদের অনেকেই কাঙ্ক্ষিত লাভ না পাওয়ার কথা বলেছেন।

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মুসলিম সম্প্রদায়ের সুখ ও সমৃদ্ধিও কামনা করেছেন তারা।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ত্যাগের মনোভাবকে প্রসারিত করতে হবে আমাদের কর্ম ও চিন্তায়। ধর্মকে ব্যবহার করে কেউ যাতে অশুভ ফায়দা লুটতে না পারে সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে হবে।

“কোরবানির শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ব্যক্তি ও সমাজ জীবনে সঠিকভাবে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করি- এটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।”

বাণীতে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ-বৈষম্যহীন সুখী,সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।”

এই ঈদ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানুষের মনের সকল প্রকার হিংসা-দ্বেষ, সংকীর্ণতা, কুটিলতা পরিহার করে অনাবিল সুখ, শান্তি ও পবিত্রতা বয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

অবশ্য দেশে ‘এক ভয়ঙ্কর নৈরাজ্য’ চলছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, “মানুষের জান, সহায়-সম্পদের কোনো নিরাপত্তা নেই। এই অবস্থায় সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না।”

বরাবরের মত এবারও ঈদের দিন সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে শুরু হবে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানেই প্রবাসীদের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াও এবার দেশের বাইরে। ঈদের বিকেলে সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তায় ১২ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এবার সরকার পক্ষ থেকে ঢাকায় কোরবানির জন্য ৪৯৩টি স্থান ঠিক করে দেওয়া হলেও তা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

তিনি আশ্বাস দেন, ঈদের দিন সন্ধ্যার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে।

ঈদ উপলক্ষে শুক্রবার সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা ইতোমধ্যে সাজানো হয়েছে মনোরম সাজে। রাতে থাকছে আলোকসজ্জার ব্যবস্থা।

দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে।

ঈদ উপলক্ষ সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যালেনগুলো কয়েকদিন ধরে প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। সংবাদপত্রগুলোও এ উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।