২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্যাগের মহিমায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান

জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কোরবানির ত্যাগের শিক্ষা গ্রহণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 09:19 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

এছাড়া সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার দেশের মুসলমান সম্প্রদায় পালন করবে ঈদুল আজহা, যা সাধারণের কাছে কোরবানির ঈদ নামেই পরিচিত।

রাষ্ট্রপতির বাণী

ঈদে সবার কল্যাণ বয়ে আসবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বাণীতে তিনি বলেন, “কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগ স্বীকারের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের মনোভাবকে প্রসারিত করতে হবে আমাদের কর্ম ও চিন্তায়।”

ধর্মকে ব্যবহার করে কেউ যাতে অশুভ ফায়দা লুটতে না পারে সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, “বাংলাদেশ বিশ্ব দরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি পালন করে আসছে। এটা আমাদের সম্প্রীতির এক অনুপম ঐতিহ্য। কোরবানির শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ব্যক্তি ও সমাজ জীবনে সঠিকভাবে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করি- এটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।”

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

  প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আঃ) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। ”

“আসুন, আমরা সকলে পবিত্র ঈদুল আয্হার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ-বৈষম্যহীন সুখী,সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।”

Image
বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ (ফাইল ছবি)

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ (ফাইল ছবি)

বিরোধী দলীয় নেতার বাণী

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, “ঈদ-উল আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানুষের মনের সকল প্রকার হিংসা-দ্বেষ, সংকীর্ণতা, কুটিলতা পরিহার করে বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও পবিত্রতা।

Image
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

খালেদা জিয়ার বাণী

ঈদের সময় দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “দেশে এক ভয়ঙ্কর নৈরাজ্য চলছে। মানুষের জান, সহায়-সম্পদের কোনো নিরাপত্তা নেই। এই অবস্থায় সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না।”

“দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দরিদ্র ও কম আয়ের মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। পানি, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের তীব্র সঙ্কট দুর্বিষহ অবস্থা সৃষ্টি করেছে।”

ঈদ শুভেচ্ছা বিনিময়

বরাবরের মত এবারও ঈদের দিন সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে শুরু হবে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন।

ঈদের দিন অর্থ্যাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশিষ্ট প্রবাসীদের সঙ্গে তার শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে এ সংবর্ধনা সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন এ কে আব্দুল মোমেন।

এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য অবস্থানরত খালেদা জিয়া সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে ঈদের দিন বিকালে শুভেচ্ছা বিনিময় করবেন বলে বিএনপির প্রবাসী নেতারা জানিয়েছেন।