মিনায় প্রাণহানি: বাংলাদেশ দূতাবাসের হটলাইন
সৌদি আরবের মিনায় পদদলনে হাজিদের হতাহতের ঘটনায় বাংলাদেশিদের খবর জানতে দূতাবাসের পক্ষ থেকে হটলাইন চালু করা হয়েছে।
+৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ ও +৯৬৬৫০৯৩৬০০৮২ নম্বরে ফোন করে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মিনার বিষয়ে তথ্য জানা বা জানানো যাবে।
বৃহস্পতিবার দুর্ঘটনার পর সন্ধ্যায় ফেইসবুকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি লিখেছেন, “মিনায় হাসপাতালে অবস্থানরত আমাদের এক কর্মকর্তা জানিয়েছেন, মৃতদেহগুলো হাসপাতালে আনা হচ্ছে। তবে কর্তৃপক্ষ কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না।
হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না- তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “খবর পেয়েই আমরা লোক পাঠিয়েছি। কোনো তথ্য এখনো আমরা পাইনি।”
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়েছে, হজ পালনের সময় পদদলিত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশি হাজিদের বিষয়ে খোঁজ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
সৌদি আরবে ঈদের দিন হজের আনুষ্ঠানিকতার শেষ সময়ে পদদলনের এই ঘটনায় নিহতের সংখ্যা সাতশ ছাড়িয়ে গেছে।
