২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে ‘ডাকাতের’ গুলিতে এক ব্যক্তির মৃত্যু

কক্সবাজারের রামুতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হন একজন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 05:40 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

বৃহস্পতিবার ভোরে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মালাপাড়া অরইকুলা এলাকায় ‘ডাকাতরা’ এ হামলা চালায় বলে রামু থানার ওসি মো. আব্দুল মজিদ জানান।

নিহত নূর আহমদ (৬০) ওই এলাকার মৃত নজির আহমদের ছেলে।

এ ঘটনায় আহত মোহাম্মদ ইছহাককে (২৮) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিহত নূর আহমদের জামাতা বলে জানান ওসি।  

স্থানীয়দের  বরাত দিয়ে ওসি বলেন, সম্প্রতি অরইকুলা এলাকায় ডাকাত ও অপহরণকারী চক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় স্থানীয়রা তাদের নিরাপত্তার জন্য বাড়ির সামনে পাহাড়ার ব্যবস্থা করে।

নূর ও তার জামাতা ইছহাক ভোরে তাদের ঘরের বাইরে পাহাড়ায় ছিলেন। এ সময় অজ্ঞাত একদল লোককে দেখে তারা চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানান ওসি।

“স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে নূর আহমদের মৃত্যু হয়।”

ওসি বলেন, ‘ডাকাতরা’ পাহাড়ি এলাকা থেকে নেমে প্রায়ই নূর আহমদের বাড়ির সামনের দিয়ে যাতায়াত করত। ডাকাতদের আনাগোনার বিষয়টি  নূর পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অবহিত করাতে তারা ক্ষুদ্ধ হয়ে নূরকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।