‘এমভি তুতুল’ ডুবোচরে আটকে ছিল ৬ ঘণ্টা
চাঁদপুর থেকে বরিশালগামী লঞ্চ ‘এমভি তুতুল’ সহস্রাধিক যাত্রী নিয়ে মেঘনা নদীর ডুবোচরে ছয় ঘণ্টা আটকে ছিল।
কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লঞ্চটি আটকে থাকে। পরে জোয়ারের পানি পাওয়ার পর আবার গন্তব্যের পথে ছেড়ে যায়।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. নুরুজজামান জানান, বুধবার রাতে চাঁদপুর থেকে বরিশালের পথে ছেড়ে আসা লঞ্চটি ভোর ৬টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকায় ডুবোচরে আটকা পড়ে।
লঞ্চটিতে এক হাজারেরও বেশি ঈদে ঘরমুখো যাত্রী ছিলেন বলে জানান তিনি।
তিনি বলেন, বেলা ১২টার দিকে জোয়ারের ফলে পানি বৃদ্ধি পেলে লঞ্চটি গন্তব্যের দিকে ছেড়ে যায়।
