ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২
ঈদযাত্রার পথে টাঙ্গাইল সদর উপজেলায় বাস ও লেগুনার সংঘর্ষে দুই আরোহী নিহত এবং কালিহাতিতে বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
এলেঙ্গা মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান রাজ জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বাস ও একটি লেগুনার সংঘর্ষ হয়।
“উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী বাসটির সঙ্গে বিপরীতমুখী লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লেগুনার দুই আরোহী নিহত হন।”
লেগুনা আরোহী মোহাম্মদ (৪৯), পাপিয়া (৭) ও শামিউলকে (২৫) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্য দুর্ঘটনাটি ঘটে কালিহাতি উপজেলার হাতিয়া বাইপাস এলাকায়, সকাল ৭টার দিকে।
বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থানার ওসি আখেরুজ্জামান জানান, সেখানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর অন্তত ১২ বাসযাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাহন দুটি মহাসড়কের উপরে আটকে থাকায় যানজট দেখা দেয়। পরে দ্রুত সেগুলো সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
