কোরবানির হাটে বৃষ্টির বাগড়া
খোলা মাঠে সারি সারি গরু, হাম্বা হাম্বা রব্ আর দরাদরিতে ব্যস্ত হাজার কণ্ঠের মিলিত রূপ কোরবানির হাটের যে চিত্র দেয়, মঙ্গলবার বৃষ্টি তা পাল্টে দিয়েছে রাজধানীর পশুর হাটগুলোতে।
কোরবানির মাত্র দুদিন বাকি থাকলেও এদিন হাটগুলোতে গরু-ছাগল বিক্রিতে ভাটা দেখা গেছে। পশুর হাটগুলোতে ক্রেতার উপস্থিতিও ছিল হাতেগোনা।
পুরান ঢাকার প্রায় ৫০ বছরের পুরনো গরুর হাট রহমতগঞ্জ ক্লাবের মাঠ ও রাজধানীর কমলাপুর, গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ ঘুরে দেখা যায়, দফায় দফায় বৃষ্টির পর কাদা আর গোবরে একাকার হয়ে যাওয়া মাঠে ঢুকতেই বেকায়দায় পড়ছেন ক্রেতা।
বৃষ্টির মধ্যে কাদা-পানি থেকে গরুকে বাঁচাতে পাশ থেকে মাটি নিয়ে গরুর দাঁড়ানোর জায়গা উঁচু করা হয়েছে, নানা ধরনের ত্রিপল দিয়ে উপরে দেওয়া হয়েছে ছাউনি।
বৃষ্টি-কাদা পেরিয়ে মাঠে আসা ক্রেতারা বলছেন, এই ত্রিপলের কারণেই তারা ঠিকমতো গরু দেখতে পারছেন না।
রহমতগঞ্জ ক্লাব মাঠ ঘুরে দেখা যায়, কুষ্টিয়া ও মেহেরপুরের খামারি ও পাইকাররা তাদের গরু নিয়ে এসেছেন। মাঠ ছাড়িয়ে আশপাশের বিভিন্ন গলিতে গরু রাখা হয়েছে।
ক্লাবের সদস্য সচিব ইমতিয়াজ হামিদ সবুজ মঙ্গলবার দুপুরের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাট এখনো জমে নাই। সকাল থেকে ১০-১২টা গরু বিক্রি হয়েছে।
শনিবার হাট বসার পর থেকে এই হারেই গরু বিক্রি হয়েছে জানিয়ে তিনি বলেন, “আজ বিকালে বা রাতে হয়তো কিছু গরু বিক্রি হবে।”
তাদের হাটে তিন হাজারের মতো গরু এসেছে বলে জানিয়েছেন ইমতিয়াজ।
কুষ্টিয়ার মিরপুর থানার ছাতিয়ান ইউনিয়নের কৃষক মো. এয়ার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার গ্রাম থেকেই ১২জন কৃষক গরু নিয়ে এসেছেন। কেউ একটি, কেউ দুটি গরু নিয়ে এসেছেন। আবার চার/পাঁচটি গরুও এনেছেন কেউ কেউ।
শুক্রবার রাতে ঢাকায় এলেও এখনও তাদের কারোর একটি গরুও বিক্রি হয়নি বলে জানান তিনি।
এজন্য আবহাওয়াকেই দুষছেন এয়ার আলী।
ঢাকার বাসিন্দা ও বংশালের ব্যবসায়ী আরিফুর রহমান অবশ্য মনে করেন, গরু বেচা-কেনার সময় এখনও পুরোদমে শুরু হয়নি।
“গতকালও হাটে এসেছি। আজও আসলাম। গরু দেখছি। পছন্দ হইলে কিনব।”
ক্রেতাদের কেউ কেউ অবশ্য গরুর বেশি দাম চাওয়াকেও বিক্রি কম হওয়ার কারণ বলছেন।
লালবাগের বাসিন্দা বশির হোসেন জমাদার বলেন, “এবার হাটে চেংড়া গরুও ৫০ হাজার টাকা দাম চায়। বৃষ্টি মাথায় নিয়া যারা আসছে, তারা কিনতেই আসছে। কিন্তু এমনে দাম চাইলে কেমনে কিনবে?”
এই হাটে গরু বিক্রি করতে আসা কুষ্টিয়ার বারিইপাড়া ইউনিয়নের মো. পিয়ার আলী বলেন, চাষারাতো (খামারি) লস দিলেও সেটা সরাসরি টাকায় গোনা যায় না। কারণ একটা গরুর পেছনে পুরা পরিবারের খাটাখাটনির দামও ধরতে হয়। সব হিসাব করলেও চাওয়া দামেও চাষাদের লস।
“আর যারা গরু কিনে এনে বিক্রি করছেন, তারা গত বছরের চেয়ে প্রতি গরুতে ৫ থেকে ৩০ হাজার টাকা বেশি দামে কিনে এনেছে। গত বছরই তারা লস দিয়েছে। তাদের কী হবে?”
পিয়ার আলী তার তিনটি গরুর একটির দাম হাঁকছেন দেড় লাখ, আর দুটি চাইছেন সোয়া লাখ টাকা করে। তার বড় গরুতে ৮ মণ, আর ছোট দুটিতে ৭ মণ করে মাংস হবে বলে মনে করছেন তিনি।
কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা মতিয়ার রহমান তার গরুর দাম হাঁকছেন ৪ লাখ টাকা। এলাকায় বেপারীরা ওই গরুর দাম সাড়ে ৩ লাখ টাকা বলেছিল বলে দাবি করেন তিনি।
এবারই প্রথম ঢাকায় কোরবানির গরু বিক্রি করতে আসা মতিয়ার প্রথম প্রশ্নের জবাবে হেসে বলেন, গরুর মাংসের পরিমাণ আন্দাজ করতে পারবে না তিনি। পরে চিন্তা-ভাবনা করে বলেন, ১২ থেকে ১৪ মণ হতে পারে। এ সময় পাশের এক বেপারী বলেন, ১৫ মণ হবে।
এছাড়া বেশ কিছু গরুর দাম দুই-আড়াই লাখ টাকা হাঁকতে দেখা গেছে বিক্রেতাদের। দুই গরুর আড়াই লাখ টাকা করে দাম হাঁকা নজরুল ইসলাম বলেন, তার প্রতি গরুতে ১০ মণের বেশি মাংস হবে।
তবে পাশের মার্কেন্টাইল ব্যাংকের বুথে দুজন টাকা পরীক্ষা করে নিয়েছেন বলে জানান সেই বুথের কর্মকর্তা দেবাশীষ বসাক।
কোরবানি এগিয়ে আসায় বুধবার হাট জমবে বলে মনে করছেন রহমতগঞ্জ ক্লাবের ইমতিয়াজ হামিদ সবুজ।
তিনি বলেন, এই মাঠে এক সময় কেবল বিক্রমপুরের মীরকাদিমের গরু বিক্রি হত। লাল নাকের সাদা এই গরুগুলোকে পুরান ঢাকার মানুষ ‘হাসা’ বলে ডাকে। বুধবার সেখান থেকে তিন থেকে সাড়ে তিনশ গরু আসবে। কেরানীগঞ্জের কলাতিয়ার গরুও বিখ্যাত। এই গরুও কাল-পরশু আসবে।
“মীরকাদিমের গরু আসলে কয়েক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায়। পুরান ঢাকার অনেক মানুষ এই গরু কেনার অপেক্ষায় থাকেন। না কিনতে পারলে তারা অন্য গরু কেনা শুরু করেন। কাল থেকে হাট জমবে-এটা অনেকটা নিশ্চিত করেই বলা যায়।”
রাজধানীর কমলাপুর, গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ ঘুরে দেখা গেছে, শত শত গরু নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা। বৃষ্টির পানি এড়াতে তারা গরু রাখার জায়গায় প্লাষ্টিকের পর্দা টাঙিয়ে নিয়েছেন। বৃষ্টি নামলে গরুর পাশাপাশি নিজেরাও সেখানে আশ্রয় নিচ্ছেন।
কুষ্টিয়ার পোড়াদাহ এলাকা থেকে ওই হাটে গরু নিয়ে আসা ব্যবসায়ী আবিদুল ইসলাম বলেন, “গত শনিবার থেকে ৬০টি গরু নিয়ে এলাকা থেকে ভাই ব্রাদাররা এসেছি, যার মধ্যে সাতটি গরু আমি আনি।”
তিন দিনে একটি গরুও বিক্রি করতে পারেননি বলে জানান তিনি।
মতিঝিল থেকে হাটে গরু দেখতে আসা আমিনুল ইসলাম বলেন, “এবার হাটে দেশি গরুর আছে অনেক। তারপরও ব্যবসায়ীরা অনেক দাম চাইছে। ঈদের আগে যদি হাটে ভারতীয় গরু আসা শুরু করে তখন দেমি গরুর দাম কমে যেতে পারে।”
গত শুক্রবার পাবনা থেকে হাটে আসা গরু ব্যবসায়ী মো. রাজু বলেন, “গরু খুদ, চাল ও ধানের গুড়া, গমের ভুষি, ছোলা এইসব খায়। অন্য বছরের চেয়ে এবছর গরুর খাবারের দাম বেশি। তাই অন্যবারের চেয়ে এবার গরুর দামও সামান্য বেশি।”
জামালপুরের আমপুরীর ব্যবসায়ী মো. রুমন মিয়া বলেন, “ফরিদপুর জেলা থেকে গরু নিয়ে সপ্তাহখানেক আগে ঢাকায় এসেছি। বৃষ্টিতে থাকা-খাওয়ার খুব সমস্যা হচ্ছে। মনের মতো দাম পেলে গরুগুলো বিক্রি করে বাড়ি ফিরে যাব।”
কমলাপুর, গোপীবাগের বালুর মাঠের হাট পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. সুলতান মিয়া বলেন, “হাটে এ কয়দিনে অন্তত দশ হাজার গরু এসেছে। ক্রেতারা হাটে আসা শুরু করেছে।”
হাটে নিরাপত্তায় পুলিশি তৎপরতার কথা জানিয়ে তিনি বলেন, “কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই হাটে এখনও ঘটেনি। এখানে সিসিটিভি ক্যামেরা, জাল টাকা শনাক্ত করার মেশিনসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। পশুর কোনো সমস্যা হলে চিকিৎসকও থাকবেন।”
