চট্টগ্রামে বিক্রি নিয়ে হতাশ গরুর বেপারিরা
কোরবানির ঈদের তিন দিন বাকি থাকলেও বিক্রি তেমন হচ্ছে না বলে জানিয়েছেন বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামে আসা গরুর বেপারিরা।
রাজশাহী, মাগুরা, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লা থেকে গরু নিয়ে আসা বেপারিরা বলছেন, বিক্রিতে খুশি নন তারা।
অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, বাজারে দেশি গরুর প্রচুর সরবরাহ থাকলে দাম ছাড়ছে না বিক্রেতারা।
মঙ্গলবার চট্টগ্রামের সবচেয়ে বড় গরুর হাট সাগরিকায় পশুর তুলনায় ক্রেতার সংখ্যা অনেক কম দেখা গেছে।
তবে নগরীর বিবিরহাট গরুর হাটে ‘বাজার বার’ থাকায় বিক্রি গত কয়েক দিনের তুলনায় বেড়েছে।
বাজার ঘুরে দেখা যায়, ছোট আকারের দেশি গরুর দাম তুলনামূলক বেশি। তবে মাঝারি ও বড় আকারের গরুর দাম সহনীয় বলে জানিয়েছেন ক্রেতারা।
সাগরিকা হাটে মূল বাজারের বাইরে সড়কের দুই পাশে অলি-গলি ও খোলা মাঠেও বাজার বসেছে আরও কয়েকটি। ইউনুছ মার্কেট, মূল বাজারের পেছনে সাগরিকা শিল্প এলাকার রাস্তার পাশের খালি জায়গা, ভাগিনা মার্কেটে প্রচুর দেশি গরু ছিল।
ভাগিনা মার্কেটে কথা হয় কুষ্টিয়ার গরু ব্যবসায়ী রবিউল ইসলামের সঙ্গে। তিনি দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০টা গরু আনছি। এখনও একটাও বিক্রি হয়নি।”
চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৩টি গরু নিয়ে আসা আশরাফুল দুটি ষাঁড় বিক্রি করেন ১ লাখ ৩০ হাজার টাকায়।
“একটা ষাঁড়ের দাম ৭২ হাজার টাকা উঠেছিল। এরপর আর কেউ তেমন দাম বলেনি। তাই আজ বিক্রি করে দিলাম,” বলেন তিনি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৪৩টা গরু নিয়া আসছি বুধবার। তিনটা বিক্রি হইছে। সাদা একটা বলদ ৮২ হাজার টাকা দাম চাইলাম। কাস্টমার ৭০ হাজার টাকার বেশি কিছুতেই বলে না।
“এক ট্রাক গরু আনতে ৪০ হাজার টাকা ভাড়া লাগে। প্রতিদিন খাবার খরচ আছে। এবার বাজার ভালো না।”
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার এক বেপারির কাছ থেকে ১ লাখ টাকায় বড় আকারের সাদা রঙের দেশি ষাঁড় কেনেন হালিশহরের বাসিন্দা সাইফুল আলম।
তিনি বলেন, বাজারে তেমন ক্রেতা নেই। ভালো দামেই কিনতে পেরেছি বলে বাজারে আসা অন্য ক্রেতারা বলছেন। তবে ছোট গরুর দাম কিছুটা বেশি।
মাঝারি আকারের লাল রঙের একটি ষাঁড়ের ক্রেতা দেওয়ানহাটের বাসিন্দা মামুনুল হক বলেন, “এবার তো বাজারে ভারতীয় গরুর সরবরাহ খুব কম। তাই দেশি গরুর দাম বেশি। যে গরুটা ৫০ হাজার টাকায় কিনলাম, এটা গত ৩৫ থেকে ৪০ হাজার টাকা কেনা যেত।”
মঙ্গলবার বিবিরহাটে বাজারের দিন, তাই গরুর সরবরাহ ছিল বেশি। হাটের বাইরে মুরাদপুরের সড়কেও গরু কেনাবেচা দেখা যায়, একারণে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে যানজটের সৃষ্টি হয়।
বিবিরহাট গরুর বাজারের ইজারাদার মনজুরুল আলম বলেন, “বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে ব্যবসায়ীরা এসেছে। তারা হাটে না ঢুকে সড়কেই দাঁড়িয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি তাদের সড়ক থেকে সরিয়ে আনতে।”
