শরণার্থী সংকট অগ্নিপরীক্ষা: ইইউ
চলমান শরণার্থী সংকটকে ইউরোপের জন্য অগ্নিপরীক্ষা হিসেবে মনে করছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন।
সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টে এক বক্তব্যে শরণার্থী সংকট নিয়ে ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রতিনিধি ফেডেরিকা মোগেরিনিও এটাকে ইউরোপের জন্য অগ্নিপরীক্ষা বলেন।
বিষয়টি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলোচনায় ইউরোপে শরণার্থী নিয়ে বিদ্যমান পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ বলেছেন মায়াদোন।
“প্রথমত, সংখ্যার দিক দিয়ে এ বছর এরইমধ্যে পাঁচ লাখের মতো শরণার্থী ভূ-মধ্যসাগর পাড়ি দিয়েছে, যেখানে ২০১৪ সালে সোয়া লাখ গিয়েছিল।
“কারা যাচ্ছেন সে দিক দিয়েও এটা নজিরবিহীন। এদের মধ্যে সিরিয়া, ইরাক, লিবিয়া ও আফগানিস্তানে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের পাশাপাশি অর্থনৈতিক অভিবাসী রয়েছেন, যারা আফ্রিকা ও এশিয়ায় দারিদ্র্য থেকে বাঁচতে ইউরোপে কাজের সুযোগ খুঁজছেন।
“এদের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে শরণার্থী হওয়া ব্যক্তিরাও রয়েছেন যদিও তাদের সংখ্যা বের করা কঠিন।
“চূড়ান্তভাবে নজিরবিহীন এর কাঠামোগত ও দীর্ঘমেয়াদি চরিত্রের জন্য, যা ইউরোপ, এর প্রতিষ্ঠানসমূহ, সদস্য দেশ ও সামাজিক সম্পর্ককে প্রচণ্ড চাপে ফেলেছে।”
এ ঘটনাকে দেখা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটের মুখে পড়া হিসেবে। কোনো কোনো দেশ সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে।
শরণার্থীদের ভিড়ে বেশ কিছু বাংলাদেশিও রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তথ্য এসেছে।
সার্বিয়া সীমান্তের কাঁটাতারের বেড়া গলে হাঙ্গেরিতে ঢুকছেন শরণার্থীরা। ছবি-রয়টার্স
শরণার্থীদের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া হবে এমন ভাবার কোনো কারণ নেই বলে মনে করেন তিনি।
“বরং এ সংকটকে দেখতে হবে ইউরোপীয় মতৈক্য সংহত করা এবং দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী ও কার্যকর অংশীদারিত্ব প্রতিষ্ঠার একটি সুযোগ হিসেবে।”
এই সংকট মোকাবেলায় সর্বশেষ অগ্রগতি ইউরোপীয় দেশগুলোর অভিন্ন মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ ও অর্থনৈতিক সমৃদ্ধিকে তুলে ধরেছে বলে মনে করছেন তিনি।
বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের যে সম্পৃক্ততা তৈরি হয়েছে তা ‘ইউরোপীয় মডেলকে ব্যাপকভাবে আকর্ষণীয়’ করে তুলেছে বলে মনে করেন তিনি।
“ইউরোপীয় সিভিল সোসাইটির সহৃদয়তারও প্রতিফলন ঘটেছে। এ ধরনের একটি মানবিক সংকটের মুখে তারা স্বতঃস্ফূর্তভাবে সোচ্চার হয়েছেন এবং নীতি-নির্ধারকদের প্রতি শরণার্থীদের ইউরোপে ঢুকতে দেওয়ার আহ্বান জানিয়েছেন।”
শরণার্থী সংকট মোকাবেলায় ইউরোপিয়ান কাউন্সিলের ২৩ এপ্রিলের বিশেষ বৈঠক এবং পরবর্তী সভাগুলোর প্রসঙ্গ টানেন পিয়েরে মায়াদোন।
হাঙ্গেরির সীমান্ত খুলে দেওয়ার দাবিতে ১৭ সেপ্টেম্বর সার্বিয়ার একটি সীমান্তবর্তী গ্রামে শরণার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি-রয়টার্স
এর পরই মানবপাচারের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নৌ অপারেশন শুরু হয়।
রাষ্ট্রদূত বলেন, শরণার্থীদের যাত্রাপথের ‘শেষটুকু’ নয়, বরং তারা যেসব দেশ থেকে যে সব দেশ পেরিয়ে আসছেন সেগুলোকেও সম্পৃক্ত করতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
এ উপলক্ষে নভেম্বরে ভ্যালেটা সম্মেলনে যোগ দেবেন ইউরোপীয় ও আফ্রিকান নেতারা। এছাড়া পশ্চিম বলকান ট্রানজিট রুট নিয়েও অন্য একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনা হবে।
সংকট মোকাবেলায় তহবিল গঠনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সিরীয় শরণার্থীদের জন্য ৪০০ কোটি পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে।
আফ্রিকার জন্য একটি ট্রাস্ট ফান্ডে ১৮০ কোটি পাউন্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
সম্মিলিতভাবেই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।
শরণার্থীদের মধ্যে বাংলাদেশিদের উপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মায়াদোন বলেন, “তারা শরণার্থী বা দেশে যুদ্ধ থেকে বাঁচতে আশ্রয় প্রার্থী নন, তারা অর্থনৈতিক অভিবাসী।
“ইউরোপে অভিবাসনের জন্য যে বৈধ পথ রয়েছে তা তাদের অনুসরণ করতে হবে।”
লিবিয়া ও অন্যান্য যুদ্ধ কবলিত দেশে আটকে পড়া বাংলাদেশিদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ সরকার এরইমধ্যে এসব মানুষদের কনস্যুলার সহায়তা প্রদান এবং তাদের দেশে ফিরিয়ে আনতে পারার সক্ষমতার পরিচয় দিয়েছে।
উভয়পক্ষের স্বার্থ রক্ষা করে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশকে দ্বিপক্ষীয়ভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
