ইউরোপীয় সীমান্ত ‘হুমকির মুখে’: হাঙ্গেরি
শরণার্থীর ঢল ইউরোপীয় দেশগুলোর সীমান্তে হুমকি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান।
শরণার্থী সঙ্কট নিয়ে কূটনৈতিক তৎপরতা শুরুর সময়টিতে এ মন্তব্য করলেন তিনি।
ওরবান বলেন, “শরণার্থীরা সীমান্তের প্রবেশদ্বার ভেঙে আশ্রয়ের সন্ধানে ছুটছে।” এ পরিস্থিতিতে ঐক্যবদ্ধ কোনো উদ্যোগ নেয়া প্রয়োজন।
হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রের মন্ত্রীরা এরই মধ্যে শরণার্থী সঙ্কট নিয়ে প্রাগে আলোচনায় বসেছেন। এ দেশগুলো ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত কোটা আরোপের বিরোধী। কয়েকটি ইইউভুক্ত দেশ চেষ্টা করছে সদস্য দেশগুলোর মধ্যে ভাগাভাগি করে এ শরণার্থীদেরকে থাকতে দেয়ার পরিকল্পনায় সবাইকে রাজি করানোর।
গ্রিস, ইতালি এবং হাঙ্গেরির ১ লাখ ২০ হাজার শরণার্থীর বোঝা ভাগ করে নিতে রাজি জার্মানি এবং ফ্রান্স।
শরণার্থীর বোঝা আয়ত্বের বাইরে চলে যাচ্ছে বলে জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওরবান। তিনি বলেন, “তারা শুধু আমাদের দরজায় ধাক্কাই দিচ্ছে না, দরজা ভেঙে বেরিয়ে আসছে।আমাদের সীমান্ত হুমকির মুখে, তথা গোটা ইউরোপের সীমান্তই হুমকির মুখে।”
সীমান্তে শরণার্থীর ঢল সামলাতে হাঙ্গেরি নতুন আইনে সেনাবাহিনীকে রাবার বুলেট, টিয়ারগ্যাস এবং নেট গান ব্যবহারের অনুমতি দিয়েছে।
এছাড়াও, কোনো শরণার্থী হাঙ্গেরিতে অবৈধভাবে ঢুকল কিনা তা খুঁজে বের করতে বাড়ি বাড়ি তল্লাশি চালানোর জন্যও পুলিশকে অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।
ইউরোপ অভিমুখে শরণার্থীদের স্রোতও অব্যাহত রয়েছে। গত সপ্তাহান্তে আরো কয়েক হাজার শরণার্থী ঢুকেছে অস্ট্রিয়ায়। সোমবার হাঙ্গেরি হয়ে আরো শরণার্থী অস্ট্রিয়ায় ঢুকবে বলে মনে করা হচ্ছে।
বহু শরণার্থী ক্রোয়েশিয়াতেও যাচ্ছেন। ক্রোয়েশিয়া শুরুতে শরণার্থীদের স্বাগত জানালেও পরে বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, শরণার্থীদেরকে আশ্রয় দেওয়ার দায়িত্ব থেকে কেউই রেহাই পেতে পারবে না।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক সিরিয়া থেকে পালিয়ে আসা লোকজনকে ইউরোপের দেশগুলোতে আশ্রয় দেওয়ার ওপর জোর দিয়েছেন।
ওদিকে, পূর্ব ইউরোপের দেশগুলো ইইউ এর বহির্মুখী সীমান্তগুলো সুরক্ষার ওপর জোর দিচ্ছে বলে জানিয়েছেন বিবিসি সংবাদদাতারা।
