২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর ইউরোপে প্রবেশের নতুন পথ খুঁজছে শরণার্থীরা

ক্রোয়েশিয়া থেকে হাঙ্গেরি ও স্লোভানিয়ায় প্রবেশ করতে না পেরে উত্তর ইউরোপের দিকে অগ্রসর হওয়ার নতুন পথ খুঁজছে শরণার্থীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 08:12 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

শুক্রবার একদল শরণার্থী ক্রোয়েশিয়া থেকে স্লোভানিয়ায় প্রবেশ করার চেষ্টা করলে দেশটির দাঙ্গা পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে তাদের প্রতিহত করে।

সার্বিয়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করার পর এবার হাঙ্গেরি ক্রোয়েশিয়া থেকে আগত শরণার্থীদেরও প্রবেশ করতে দিচ্ছে না।

যদিও ক্রোয়েশিয়া জানিয়েছে, শরণার্থীদের গ্রহণ করতে তারা হাঙ্গেরিকে ‘বাধ্য’ করবে। এজন্য তারা হাঙ্গেরি সীমান্তে শরণার্থী পাঠানো অব্যাহত রাখবে।

মঙ্গলবার হাঙ্গেরি সার্বিয়ার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেয়ার পর এখন পর্যন্ত ২০ হাজারের বেশি শরণার্থী ক্রোয়েশিয়া প্রবেশ করেছে এবং এখন তারা সেখান থেকে হাঙ্গেরি প্রবেশ করতে চাইছে।

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী জোরান মিলানোভিচ বলেন, তার দেশ শরণার্থীদের খাবার, পানি ও ওষুধ দিয়ে তাদের গন্তব্যে পাঠিয়ে দিচ্ছে।

মিলানোভিচ সাংবাদিকদের বলেন, “হাঙ্গেরির সঙ্গে কোনো চুক্তি হয়নি। শরণার্থীদের সীমান্তে পাঠিয়ে আমরা হাঙ্গেরিকে তাদের গ্রহণ করতে ‘বাধ্য’ করছি। আমরা এটা করা অব্যাহত রাখবো।”

এদিকে হাঙ্গেরি সরকারের অভিযোগ, আশ্রয়প্রার্থীদের নিবন্ধন না করিয়ে সীমান্তে পাঠিয়ে দিয়ে ক্রোয়েশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

হাঙ্গেরি জানায়, শুক্রবার ক্রোয়েশিয়া থেকে পাঁচ হাজারের বেশি শরণার্থী বাসে ও ট্রেনে করে দেশটিতে প্রবেশ করেছে।

শনিবার আরও ঢুকবে। সীমান্তে শরণার্থী বোঝাই অন্তত ২০টি বাস অপেক্ষা করছে।

সার্বিয়ার মতো ক্রোয়েশিয়া সীমান্তেও কাঁটাতারের বেড়া নির্মাণ করছে হাঙ্গেরি। 

এ বিষয়ে মিলানোভিচ বলেন, “শুধুমাত্র নরপশুর দলরাই সীমান্ত বন্ধ করে। সীমান্ত বন্ধ করার অর্থ (অসহায় মানুষকে) হত্যা করা।”

এদিকে স্লোভানিয়ার প্রধানমন্ত্রী মিরও কেরার বলেন, যদি শরণার্থীদের চাপ আরও বেড়ে যায় তবে তার দেশ প্রতিবেশী দেশগুলোর জন্য ‘করিডর’ নির্মাণ করার বিষয়ে আলোচনা করবে।

শরণার্থীদের ঢল নিয়ে ভীষণ সঙ্কটে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কোটা পদ্ধতিতে এক লাখ ২০ হাজার শরণার্থীকে ইইউ ভূক্ত দেশগুলোর মধ্যে বন্টনের যে পরিকল্পনা করা হচ্ছিল সে বিষয়ে আগের বৈঠকে তারা একমত হতে পারেনি।

বুধবার আরও একটি জরুরি বৈঠকের আহ্বান করা হয়েছে।

এদিকে তুরস্ক পুলিশের বাধা অগ্রাহ্য করে এখনও সেখান থেকে হাজার হাজার শরণার্থী গ্রিসে প্রবেশ করছে।