ঢাকায় যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীর দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকার একটি টিনশেড বাড়ির কক্ষ থেকে এক যুবকের হাত-পা বাঁধা গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাগর মন্ডল (৩০) ওই বাসায় ভাড়া থাকতেন।
সাগর ওই এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধায় বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে কক্ষটির তালা ভেঙে খাটের নিচ থেকে সাগরের মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান দক্ষিণখান থানার ওসি শামীম উর রশীদ তালুকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “নিহতের হাত-পা ওড়না ও শাড়ি দিয়ে বাঁধা, মুখমণ্ডলসহ শরীর অর্ধগলিত।”
আশপাশের বাসিন্দারা ওই বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় পুলিশকে খবর দেন জানিয়ে ওসি বলেন, “কীভাবে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না।”
স্থানীয়দের বরাত দিয়ে ওসি শামীম জানান, বেশ কয়েক বছর ধরে স্ত্রীর সঙ্গে সাগর ওই বাসায় থাকছিলেন। কয়েক মাস আগে দ্বিতীয় বিয়ে করেন তিনি।এজন্য প্রথম স্ত্রী সঙ্গে মাঝে মধ্যেই সাগরের ঝগড়া হতো।
দ্বিতীয় বিয়ের কারণে প্রথম স্ত্রী কোনোভাবে সাগরকে ৩/৪ দিন আগে হত্যা করে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যান বলে ধারণা করছেন ওসি।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি শামীম।
