সলিমুল্লাহ এতিমখানা: কনকর্ডের আবেদন কার্যতালিকা থেকে বাদ
ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় তৈরি করা বহুতল ভবন ওই এতিমখানাকে বুঝিয়ে দিতে নির্মাতা প্রতিষ্ঠান কনকর্ডকে দেওয়া হাই কোর্টের নির্দেশনা বহাল রয়েছে।
হাই কোর্টের ওই নির্দেশনা স্থগিত চেয়ে কনকর্ডের পক্ষ থেকে আবেদন করা হলে মঙ্গলবার শুনানি করে তা কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী।
কনকর্ডের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ, এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার মাহবুব শফিক।
রিট আবেদনকারীর পক্ষে ছিলেন এ ওয়াই মশিউজ্জামান ও আসাদুজ্জামান সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনরেল মাহবুবে আলম।
আদেশের পর মাহবুব শফিক বলেন, “আদালত আবেদনটি কার্যতলিকা থেকে বাদ দিয়েছেন। ঈদের পর অবকাশকালীন অন্য কোনো চেম্বার বেঞ্চে বিষয়টি উপস্থাপন করতে বলেছেন।”
আসাদুজ্জামান সিদ্দিকী বলেন, “আপাতত হাই কোর্টের রায়ই বহাল থাকছে।”
ভবনের ছবিটি গুগল স্ট্রিট ভিউ থেকে নেওয়া
২০০৩ সালের ২২ জুলাই এতিমখানার দায়িত্বপ্রাপ্ত সভাপতি বেগম শামসুন্নাহার আহসান উল্লাহ ও সেক্রেটারি জি এ খান এতিমখানার দুই বিঘা জমি আবাসন নির্মাতা প্রতিষ্ঠান কনকর্ডের কাছে হস্তান্তর করে দলিল করে দেন।
এই সম্পত্তি হস্তান্তর নিয়ে বিভিন্ন দৈনিকে প্রতিবেদন প্রকাশের পর এতিমখানার চারজন শিক্ষার্থীর পক্ষে ২০১৩ সালে একটি রিট আবেদন করা হয়। এতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) পক্ষভুক্ত হয়।
এ বিষয়ে প্রাথমিক শুনানি নিয়ে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি হাই কোর্ট রুল ও নির্মাণ কাজে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয়।
রুলে এতিমখানার সম্পত্তি সংরক্ষণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং লিজ চুক্তির শর্ত অনুসারে তা সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।
রুলের উপর শুনানি শেষে গত ১৭ সেপ্টেম্বর হাই কোর্ট এতিমখানার সম্পত্তি হস্তান্তর সম্পর্কিত দলিল বাতিল ঘোষণা করে।
সেই সঙ্গে ওই জমিতে নির্মিত বহুতল ভবন রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এতিমখানাকে বুঝিয়ে দিতে কনকর্ডকে নির্দেশ দে্ওয়া হয়।
পাশাপাশি আজিমপুর এতিমখানার সম্পত্তি সংরক্ষণের জন্য সরকারকেও নির্দেশনা দিয়েছে আদালত।
