কনকর্ডের ভবন বাজেয়াপ্ত, এতিমখানাকে বুঝিয়ে দিতে নির্দেশ
ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় তৈরি করা বহুতল ভবন ওই এতিমখানাকে বুঝিয়ে দিতে নির্মাতা প্রতিষ্ঠান কনকর্ডকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে কনকর্ডকে ওই স্থাপনা ও সম্পত্তি বুঝিয়ে দিতে বলা হয়েছে। পাশাপাশি আজিমপুর এতিমখানার সম্পত্তি সংরক্ষণের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।
এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ চারটি নির্দেশনাসহ এ রায় দেয়।
এই মামলায় বলা হয়, ১৯০৯ সালে ঢাকার নবাব ‘সলিমুল্লাহ এতিমখানা’ স্থাপন করেন। এরপর সরকারের কাছ থেকে আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানা সম্প্রসারণের জন্য বিভিন্ন সময় জমি ইজারা নিয়ে এতিমখানা পরিচালিত হয়ে আসছে।
তবে ২০০৩ সালের ২২ জুলাই এতিমখানার দ্বায়িত্বপ্রাপ্ত সভাপতি বেগম শামসুন্নাহার আহসান উল্লাহ ও সেক্রেটারি জি এ খান এতিমখানার দুই বিঘা জমি আবাসন নির্মাতা প্রতিষ্ঠান কনকর্ডের কাছে হস্তান্তর করে দলিল করে দেন।
এতিমখানার সম্পত্তি হস্তান্তর সম্পর্কিত ওই দলিল এবং ২০০৪ সালের ১৩ এপ্রিলের আমমোক্তার নামা দলিল বাতিল ঘোষণা করে আদালত বলেছে, এগুলো শুরু থেকেই অকার্যকর ও বাতিল।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সৈয়দা রাবেয়া বেগম।
কনকর্ডের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও এম এ হান্নান। এতিমখানার সুপারিনডেন্টের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক। আবেদনকারী তিনজনের পক্ষে ছিলেন আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।
ফাইল ছবি
এই সম্পত্তি হস্তান্তর নিয়ে বিভিন্ন দৈনিকে প্রতিবেদন প্রকাশের পর এতিমখানার চারজন শিক্ষার্থীর পক্ষে ২০১৩ সালে একটি রিট আবেদন করা হয়। এতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) পক্ষভুক্ত হয়।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি হাই কোর্ট রুল ও নির্মাণ কাজে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয়। রুলে এতিমখানার সম্পত্তি সংরক্ষণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং লিজ চুক্তির শর্ত অনুসারে তা সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। রুলের উপর শুনানি শেষে বৃহস্পতিবার আদালত রায় দেয়।
রিট আবেদনকারীর যুক্তি, এতিমখানার সম্পত্তি সরকারের কাছ থেকে লিজ নেওয়া হয়েছে। লিজ চুক্তিতে এতিমখানা সম্প্রসারণের জন্য তা বিনামূল্যে দেওয়া হয়েছে। এই চুক্তির শর্ত ছিল প্রতিষ্ঠানের প্রয়োজন ছাড়া অন্য কোনো কাজে জমি ব্যবহার করা যাবে না।
“তবে চুক্তির শর্ত ও এতিমখানার গঠনতন্ত্র ভঙ্গ করে সম্পত্তি হাস্তান্তর করা হয়েছে। এই সম্পত্তি যেহেতু বর্তমানে সরকারের নামে রেকর্ড আছে। এ সত্ত্বেও সম্পূর্ণ অবৈধভাবে এতিমখানার সম্পত্তি কনকর্ড গ্রুপের কাছে হস্তান্তর করা হয়।”
