বাসেত মজুমদার বার কাউন্সিলে ভাইস চেয়ারম্যান নির্বাচিত
বাংলাদেশে আইনজীবীদের তদারককারী কর্তৃপক্ষ বার কাউন্সিলের গুরুত্বপূর্ণ ভাইস চেয়ারম্যানের পদটিতে পুনরায় দায়িত্ব পেলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
মঙ্গলবার নির্বাচিত হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেছেন, “আইনজীবীদের কল্যাণকল্পে আমি নিরলস চেষ্টা চালিয়ে যাব।”
সারাদেশের আইনজীবীদের সরাসরি ভোটে গঠিত কাউন্সিল প্রথম সভায় ভাইস চেয়ারম্যান হিসেবে বাসেত মজুমদারকে নির্বাচিত করেছে।
বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে পদাধিকার বলে থাকেন অ্যাটর্নি জেনারেল। বর্তমান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে বার কাউন্সিল ভবনে ওই সভা হয়।
নির্বাচিত ১৪ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থক জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলামকে সভায় দেখা যায়নি। অন্য ১৩ জন ও বার কাউন্সিলের সচিব আ ক ম জহিরুল আলম সভায় ছিলেন।
গত ২৬ অগাস্ট ভোটে ১৪ সদস্যের কাউন্সিলে আওয়ামী লীগ সমর্থকদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ভাইস চেয়ারম্যানের পদে বাসেত মজুমদার ও আমীর-উল ইসলামের নাম ঘুরেফিরে আসছিল।
এই দুই আইনজীবী নেতাই আওয়ামী লীগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের বিভক্ত ধারায়ও এই দুজনকে নেতৃত্ব দিতে দেখা গেছে।
এবার নির্বাচনে বিভেদ কাটিয়ে অংশ নিয়ে ১৪ সদস্যের কাউন্সিলে ১১টি পদেই জয় পায় আওয়ামী লীগ সমর্থকরা।
সপ্তদশ বার কাউন্সিলে ভাইস চেয়ারম্যান হিসেবে আবদুল বাসেত মজুমদারের নাম প্রস্তাব করেন একই প্যানেল থেকে নির্বাচিত সদস্য মো. ইয়াহিয়া। এতে সমর্থন দেন জেড আই খান পান্না।
দ্বিতীয় মেয়াদে ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আসা বাসেত মজুমদার সাংবাদিকদের বলেন, “দ্বিতীয় কোনো প্রতিযোগী ছিলেন না। তাই সর্বসম্মতিক্রমে আমি আগামী তিন বছরের জন্য বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।”
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করে তিনি বলেন, “এই সংস্থায় ৫০ হাজার আইনজীবী আছে। তাদের কল্যাণে এই সংস্থা গঠিত। আমি আশা করব, আগামী তিন বছর আমাদের আইনজীবীদের কল্যাণকল্পে আমি নিরলস চেষ্টা চালিয়ে যাব।
“এবং আমার সহকর্মী যারা সদস্য আছেন তাদের সহযোগিতায় যেসব প্রতিশ্রুতি আমরা নির্বাচনের সময় দিয়েছিলাম, বিশেষ করে এই বার কাউন্সিলের ভবন, ভেনাভোলেন্ট ফান্ডের জন্য একটা থোক বরাদ্দসহ অন্যান্য সুবিধার জন্য আমরা যা করণীয়, তাই করব। সাথে সাথে দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠাকল্পে আমরা কাজ করে যাব।”
কাউন্সিলের সচিব জহুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরবর্তী সভার জন্য ১ অক্টোবর তারিখ রাখা হয়েছে।
বার কাউন্সিলের বিধান অনুসারে বার কাউন্সিলের নির্বাচন ফলাফল ঘোষণার ত্রিশ দিনের মধ্যে সভা আহ্বান করতে হয়। প্রথম ওই সভায় ভাইস চেয়ারম্যান নির্বাচন করা হয়।
আগামী সভায় কাউন্সিলের অন্যান্য কমিটি গঠন করা হবে বলে বৈঠকে উপস্থিত একাধিক আইনজীবী জানান।
কুমিল্লায় জন্ম নেওয়া বাসেত মজুমদার ২০০১-০২ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তার আগে ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
তিনি দুই মেয়াদ আগেও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলেন। পরের ভোটে কাউন্সিলের কর্তৃত্ব নেয় বিএনপি সমর্থক আইনজীবীরা।
একবারের বিরতিতে এবার পুনরায় কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়েছে আওয়ামী লীগ সমর্থকরা। ২০০২-০৬ পর্যন্ত এই দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন বাসেত মজুমদার।
বাসেত মজুমদার ও আমীর-উল ইসলামের সঙ্গে এই প্যানেল থেকে বিজয়ী অন্যরা হলেন- আবদুল মতিন খসরু, জেড আই খান পান্না, শ ম রেজাউল করিম, কাজী মো. নজীবুল্লাহ হিরু, এইচ আর জাহিদ আনোয়ার, মো. ইব্রাহীম হোসেন চৌধুরী, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া, ও মো. রেজাউল করিম।
বাসেত মজুমদার ১৫ হাজার ১০৯ ভোট পেয়েছিলেন, আমীর-উল ইসলাম পান ১৪ হাজার ৪৩ ভোট।
১৫ সদস্যের কাউন্সিলে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সদস্য নির্বাচিত হন আগের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম এম মাহবুব উদ্দিন খোকন ও কাইমুল হক।
গত ২৬ অগাস্ট সারা দেশের ৭৭টি কেন্দ্রে একযোগে বার কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ হয়, যাতে ভোটার ছিলেন ৪৩ হাজার ৩০২ জন।
এর আগে ২০১২ সালে অনুষ্ঠিত বার কাউন্সিল নির্বাচনে এই ১৪ সদস্য পদের মধ্যে নয়টিতে বিএনপি সমর্থকরা এবং পাঁচটিতে আওয়ামী লীগ সমর্থকরা জয় পেয়েছিল। আর তাদের মধ্যে ভোটাভুটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
