২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অ্যাম্বুলেন্স খাদে, চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে টানা বর্ষণে ভেঙে পড়া কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় একটি স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স খাদে পড়ে এর চালকের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 01:31 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

মঙ্গলবার ভোরে সরজন এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই কামরুল ইসলাম জানান।

নিহত আবেদ আলী (৫০) গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক। তার বাড়ি একই উপজেলার রহনপুর পৌর এলাকার কোয়ার্টার পাড়ায়।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এসআই কামরুল জানান, সোমবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী নিয়ে আবেদ জেলা শহরে গিয়েছিলেন। রোগী পোঁছে দিয়ে ভোরে খালি অ্যাম্বুলেন্স নিয়ে ফিরছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে রাতের কোনো এক সময় কালভার্টসহ প্রায় বিশ ফুট সড়ক ভেঙ্গে পড়ে।  

“ভোর পৌনে ৫টার দিকে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ফেরার পথে কালভার্ট পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সসহ খাদে পড়ে যান আবেদ।”

স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে খাদে অর্ধনিমজ্জিত অ্যাম্বুলেন্স থেকে লাশটি উদ্ধার করে বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর যোগাযোগ বিচ্ছিন্ন

ভারি বর্ষণে কালভার্ট ও সড়ক ভেঙে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদরের সঙ্গে গোমস্তাপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী মনসুরুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।