২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভিড় বাড়ছে সদরঘাটে

ঈদের ছুটি শুরু হতে আরও একদিন বাকি থাকলেও যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে ঢাকার সদরঘাটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 12:12 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক (টিআই) মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেকেই আগাম ছুটি নিয়ে বাড়ির পথে রওনা হওয়ায় মঙ্গলবার সকালে ঘাটে যাত্রীর চাপ ছিল অন্য সময়ের তুলনায় অনেক বেশি।

বিরূপ আবহাওয়ার কারণে নৌবন্দরগুলোতে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হলেও নৌযান চলাচলে কোনো বাধা নেই বলে বিআইডব্লিউটিএ’র পরিচালক (পরিবহন) মো. শরিফুল হক জানান।

এবার ২৫ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপন করবেন বাংলাদেশের মুসলমানরা। তিন দিনের ঈদের ছুটির মধ্যে দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় অনেকে আগে বা পরে ছুটি নিয়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামে যাচ্ছেন।

জসিম উদ্দিন টিটু নামের এক যাত্রী জানালেন, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি যাচ্ছেন চাঁদপুরে।

“বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে। তাই রওয়ানা দিলাম। গতকালই যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় রওয়ানা হতে পারিনি।”

টিটু অভিযোগ করেন, স্বাভাবিক সময়ে চাঁদপুরের লঞ্চগুলো ডাবল কেবিনের ভাড়া নেয় ৬০০ থেকে ৭০০ টাকা। এখন তার চেয়ে এক থেকে দেড়শ’ টাকা বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ইমাম হাসান লঞ্চের মাস্টার আবু তাহের বলেন, “সরকার নির্ধারিত ভাড়া আরও বেশি। লঞ্চগুলোর মধ্যে প্রতিযোগিতার কারণে অন্য সময় নির্ধারিত হারের চেয়ে কম ভাড়া নেওয়া হয়।”

টিআই মো. সোলায়মান জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত সদরঘাট থেকে নয়টি লঞ্চ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আগের দিন সোমবার সারাদিনে গেছে ৮৫টি লঞ্চ।

ঈদ উপলক্ষে সোমবার থেকে বিশেষ স্টিমার সার্ভিস চালু করেছে বিআইডব্লিউটিসি, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

সন্ধ্যা ৬টায় এই বিশেষ সার্ভিসের একটি স্টিমার যাবে হুলারহাটে; সন্ধ্যা ৭টায় ছাড়বে মোড়লগঞ্জের স্টিমার।

বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ শাহ বরকত উল্লাহ বলেন, “প্রতিদিন দুটি স্টিমার সদরঘাট ছেড়ে যাবে। চাঁদপুরে একটি স্টিমার ‘স্ট্যান্ডবাই’ রাখা হযেছে; প্রয়োজনে চালানো হবে।”

সোমবার ‘বিশেষ সেবার’ প্রথম দিন তেমন যাত্রী পাওয়া যায়নি জানিয়ে বরকত উল্লাহ বলেন, মঙ্গলবার থেকে স্টিমারেও যাত্রী পাওয়া যাবে বলে তারা আশা করছেন।