কারওয়ানবাজারে যুবকের খণ্ডিত লাশ উদ্ধার
ঢাকার কারওয়ানবাজারে রেললাইনের পাশে এক যুবকের খণ্ডিত লাশ পেয়েছে রেল পুলিশ, স্বজনদের অভিযোগ এটি হত্যাকাণ্ড।
কমলাপুর রেলওয়ে থানার এএসআই মো. সিরাজুল ইসলাম জানান, সোমবার রাত দেড়টার লাশটি পাওয়া যায়।
নিহত গোলাম নবী মিলনের (২৭) বাসা রামপুরা হাতিরঝিলের কাছে।
এএসআই সিরাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।
“নিহতের দেহ থেকে মাথা ও হাত বিছিন্ন এবং দুই পা থেঁতলানো অবস্থায় পাওয়া যায়। পরিবারের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।”
এএসআই সিরাজ জানান, মিলন নির্দিষ্ট কোনো কাজ করতেন না। কারওয়ান বাজারের ওই বস্তি এলাকায় তিনি কেন গিয়েছিলেন, পরিবারের সদস্যরা তা বলতে পারেননি।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, হত্যার অভিযোগের বিষয়টি পুলিশ তদন্ত করেছে।
