শিক্ষকদের অসন্তোষ দূর করতে প্রধানমন্ত্রীর ‘নির্দেশনা’
অষ্টম পে-স্কেলে বেতন বৈষম্য নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অসন্তোষ’ দূর করতে অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে শিক্ষকদের বিষয়ে কথা বলেছেন বলে বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সেই আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে শিক্ষামন্ত্রী রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অসন্তুষ্ট ও ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। শিক্ষকদের অসন্তোষ নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। সরকার বিষয়টি সমাধানের চেষ্টা করছে।”
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, মন্ত্রিসভা বৈঠকের পর নিজের কার্যালয়ে ডেকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর শিক্ষামন্ত্রীর দপ্তরে এসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন।
সপ্তম বেতন কাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিলেকশনগ্রেডপ্রাপ্ত অধ্যাপকরা সচিবের সমান গ্রেড-১ স্কেলে বেতন পেতেন। জ্যেষ্ঠ অধ্যাপকরা গ্রেড-২ এবং অধ্যাপকরা গ্রেড-৩ এ বেতন পেতেন।
অষ্টম বেতন কাঠামোতে ‘সিলেকশনগ্রেডপ্রাপ্ত অধ্যাপক’ পদটি বিলুপ্ত করে সিলেকশনগ্রেডপ্রাপ্ত অধ্যাপক ও জ্যেষ্ঠ অধ্যাপকদের সচিবদের সমান গ্রেড-১ দেওয়া হয়েছে। অন্যদিকে জ্যেষ্ঠ সচিবদের জন্য নতুন একটি বিশেষ গ্রেড তৈরি করা হয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, আমলারা নিজেদের জন্য বিশেষ গ্রেড তৈরি করলেও শিক্ষকদের সিলেকশনগ্রেডপ্রাপ্ত অধ্যাপক পদটি বিলুপ্ত করা হয়েছে। ফলে অধ্যাপকরা আমলাদের নিচের স্কেলে থাকছেন।
কর্মসূচিতে শিক্ষকরা (ফাইল ছবি)
নতুন বেতন কাঠামোতে পদমর্যাদার অবনমের বিষয়টি তুলে ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ১৪ হাজার শিক্ষক বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
এছাড়া বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে সব সরকারি কলেজে দুই দিনের কর্মবিরতি পালন করে নতুন কর্মসূচি দিয়েছেন ৩০৫টি সরকারি কলেজ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রায় ১৫ হাজার শিক্ষক।
শিক্ষকদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বেতন নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অসন্তোষ দূর করতে বেতন বৈষম্য কমিটি পুনর্গঠন করেছে সরকার।
আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানালেও এখনই তা দেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে নাহিদ বলেন, শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নয়, বেতন কাঠামো করতে হবে সব শিক্ষকদের জন্য।
“সব শিক্ষকদের জন্য বেতন কাঠামো তড়িঘড়ি করে করে সম্ভব নয়। এটি বেশ জটিল বিষয়ও। তবে সরকার এই বেতন কাঠামো করতে চায়।”
স্বতন্ত্র বেতন কাঠামো হলে সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওই ক্যাডারভুক্ত রাখা যাবে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী।
সরকারি কলেজের শিক্ষকরা কাউকে কিছু না জানিয়েই আন্দোলন করছেন দাবি করে নাহিদ বলেন, “আমরা সব সমস্যার সুন্দর সমাধান চাই। কলেজ শিক্ষকদের প্রতি আহ্বান তারাও যেন বিষয়টি ভাবেন।”
