২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

অষ্টম বেতন কাঠামো প্রত্যাখ্যান করে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আন্দোলনরত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 12:48 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

শনিবার সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের একটি প্রতিনিধি দল রাজধানীর মিন্টো রোডে শিক্ষামন্ত্রীর বাড়িতে যায়। তারা তাদের আপত্তির বিষয়গুলো মন্ত্রীর কাছে তুলে ধরেন।

সম্প্রতি অনুমোদিত অষ্টম বেতন কাঠামোয় শিক্ষকদের অবনমন ঘটেছে অভিযোগ করে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর দাবিতে আন্দোলনে রয়েছেন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা।

অবস্থান, সমাবেশ, মানববন্ধনের পর এখন তারা কর্মবিরতির কর্মসূচিও দিয়েছেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারির মধ্যে শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন।

দেড় ঘণ্টা শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী শিক্ষকদের ব্যাপারে সহানুভূতিশীল এবং শ্রদ্ধাশীল। শিক্ষকদের মর্যাদা ছোট হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

“শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমেই দ্রুত সম্মানজনক সমাধান আসবে।”

অষ্টম বেতন কাঠামো অনুমোদনের পর বেতন বৈষম্য পর্যালোচনা করে সুপারিশ দিতে ‘বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ করেছে সরকার। শিক্ষকদের আপত্তি সত্ত্বেও কমিটির প্রধান হিসেবে থাকছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শিক্ষকদের এই দাবির বিষয়ে নাহিদ বলেন, “কমিটি থেকে অর্থমন্ত্রীকে বাদ দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। সভায় শিক্ষকদের সার্বিক অবস্থা এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে কীভাবে সমৃদ্ধ করা যায়- সে বিষয়ে আলোচনা হয়েছে।”

Image
আন্দোলনের মাঝে এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা (ফাইল ছবি)

আন্দোলনের মাঝে এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা (ফাইল ছবি)

শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে প্রতিনিধি দলটি মন্ত্রীর সঙ্গে আলোচনা করে।

অধ্যাপক ফরিদ বলেন, “শিক্ষকদের মর্যাদা না থাকলে পুরো জাতির মর্যাদাহানি হয়। আমরা শিক্ষকদের মর্যাদা রক্ষার জন্য দাবিগুলো শিক্ষামন্ত্রীর নিকট তুলে ধরেছি। কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি।”

এই বিষয়টির আশু সমাধান না হলে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়াও ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

অধ্যাপক ফরিদ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের সঙ্গে সরকারের সঙ্গে আলোচনাও চালিয়ে যাবেন তারা।

পুরনো খবর:

মুহিতকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের
শিক্ষকদের বেতন পর্যালোচনা কমিটির নেতৃত্বে মুহিতই