‘শিক্ষকদের দাবি না মানলে ভর্তি পরীক্ষা ঝুঁকি মুখে’
বেতন কাঠামো নিয়ে শিক্ষকদের দাবি না মানলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঝুঁকির মধ্যে পড়বে বলে সতর্ক করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সভাপতি।
অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, “আমরা ছাত্র-ছাত্রীদের জিম্মি করে আন্দোলন করতে চাই না। তাদের ক্ষতি হোক আমরা চাই না। তবে আমাদের দাবি না মানা হলে সব কিছুই কর্মসূচির আওতায় আসতে পারে।
“এরই মধ্যে যদি আমাদের যৌক্তিক দাবি পূরণ না করে আন্দোলনে বাধ্য করা হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ঝুঁকির মধ্যে পড়বে।”
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে এবং ঘোষিত জাতীয় জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে কর্মবিরতি পালন করছে ৩৭টি পালবিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
বেতন বৈষম্য দূরীকরণ কমিটিতে অর্থমন্ত্রীকে প্রধান করায় শঙ্কা প্রকাশ করেন অধ্যাপক ফরিদ।
অর্থমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনি কোনো কথা বলার আগে ১০ বার চিন্তা করবেন। আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সম্পর্কে কথা বলে এক হাজার বার চিন্তা-ভাবনা করে বলবেন।
“............আপনার বয়স অনেক আপনাকে আমরা সম্মান করি। তবে এমন কিছু বলবেন না যাতে দ্বিতীয়বার ক্ষমা চাইতে হয়।”
প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে কানভারী করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “কাজটা করেছে গুরুত্বপূর্ণ পদে থাকা আমলারা।”
কর্মসূচিতে ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক এ জে এম শফিউল আলম ভুইয়া, অধ্যাপক মো. নিজামুল হক ভুইয়া ও কলা অনুষদের ডিন মো আখতারুজ্জামান বক্তব্য রাখেন।
এছাড়াও শিক্ষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো ও মযার্দা রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
কলাভবনের মূল ফটকের সামনে সমাবেশ করে বিক্ষোভ মিছিল বের করে তারা।
