২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গৃহকর্মীর লাশ উদ্ধার

রাজধানীর রূপনগর এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে, যিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 09:38 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

নিহত রহিমা আক্তারের (২৬) বাড়ি নেত্রকোণা জেলায়। তিনি রূপনগর আবাসিক এলাকার ১৩ নম্বরে রোডের একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তবে রহিমার স্বামী রফিকুল ইসলাম দুই সন্তানসহ নেত্রকোণায় থাকেন।

সোমবার সকালে ওই বাড়ির নিচতলার রান্নাঘর থেকে ঝুলন্ত অবস্থায় রহিমার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রূপনগর থানার এসআই এবিএম ফিরোজ ওয়াহিদ।

গৃহকর্তার পরিবারের বরাত দিয়ে এসআই ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই মাস আগে মাসে দুই হাজার টাকা বেতনে কেএম সাইদ নামে এক ব্যক্তির বাসায় কাজ নেন রহিমা। গৃহকর্তা ওই বাড়ির দোতলায় থাকেন।

“মাঝে মধ্যে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হত এবং বাচ্চাদের জন্য মন খারাপ থাকতো বলে আমরা জানতে পেরেছি। এছাড়া স্বামীর ঋণের কারণে নেত্রকোণা থেকে ঢাকায় এসে গৃহকর্মীর কাজ করতে হচ্ছে গৃহকর্ত্রীর কাছে আক্ষেপ করতেন।”

রহিমা হতাশা থেকে ভোরের দিকে রান্নাঘরে গিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে বলে জানান এসআই ফিরোজ।

তবে রহিমাকে নির্যাতন করা হত বলেও স্থানীয়দের অভিযোগ। তাদের সন্দেহ, এটা আত্মহত্যা নাও হতে পারে।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে এসআই ফিরোজ বলেন, “ময়নাতদন্তে যদি হত্যাকাণ্ডের কোনো আলামত পাওয়া যায় তাহলে পুলিশ সে অনুযায়ী ব্যবস্থা নেবে।”