নওগাঁয় পাওনা টাকা চেয়ে খুন, আটক ১
নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্য খুন হয়েছেন।
সোমবার উপজেলার তীরমোহনী বাজারে এ ঘটনা ঘটে বলে বদলগাছী থানার ওসি রফিকুল ইসলাম জানান।
নিহত ইব্রাহিম খলিলুল্লাহ ওরফে জুয়েল হোসেন (৪৫) গয়েশপুর মির্জাপুর গ্রামের মৃত মির্জা ইসমাইল চৌধুরীর ছেলে।
ওসি বলেন, ইব্রাহিম পাওনা টাকা চাইলে দেনাদার আনোয়ার হোসেন রানার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আনোয়ার তাকে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ছুরিসহ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
