২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে বেঁধে নির্যাতন: ২ মাতব্বর আটক

সিরাজগঞ্জে অনৈতিক সর্ম্পকের অপবাদে এক নারীকে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই গ্রাম্য মাতব্বরকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 06:46 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

এ ঘটনায় সোমবার ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে আলাদা দুটি মামলা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি হাবিবুল ইসলাম।

ওই গৃহবধূ বাদী হয়ে মামলা দুটি করেন। নির্যাতনের মামলায় সালিশকারী ও নির্যাতনকারীদের ১০/১২ জনকে এবং ধর্ষণের অভিযোগের মামলায় বিএডিসির সাবেক কর্মচারী ও ডিগ্রিপাড়া গ্রামের শামসুল বারি খানকে (৬০) আসামি করা হয় বলে জানান তিনি।

আটককৃতরা হলেন, ওই গ্রামের মাতব্বর ডিগ্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান (৫৫) ও একই এলাকার জাশের আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫)।

ওসি বলেন, সোমবার দুপুরে দুই মাতব্বরকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।

মামলায় অভিযোগ করা হয়, শনিবার রাতে ডিগ্রিপাড়া গ্রামের শামসুল বারি খান এক প্রতিবন্ধীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে অনৈতিক সর্ম্পকের অভিযোগ এনে স্থানীয়রা তাদের দুজনকে আটক করে।

পরে স্থানীয় ডিগ্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ওই নারী হাত পিঠমোড়া করে বেঁধে রাতভর নির্যাতন করা হয়।

শামসুল ওই নারীকে ধর্ষণ করেছে বলেও অভিযোগ করা হয়।

পুরনো খবর:

সিরাজগঞ্জে গৃহবধূকে বেঁধে নির্যাতনের অভিযোগ